কুষ্টিয়ায় সাজ্জাদকে র্যাবই ধরে নিয়েছে, দাবি পরিবারের
হত্যামামলার আসামি কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজকে র্যাবই ধরে নিয়েছে দাবি করে তাকে আদালতে হাজির করার আহ্বান জানিয়েছে তার পরিবার।
রোববার কুষ্টিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাজ্জাদের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া এই আহ্বান জানান, যদিও কাউকে গ্রেপ্তারের খবর র্যাব কিংবা পুলিশ স্বীকার করেনি।
জিনিয়া দাবি করেন, গত ২১ অগাস্ট গাজীপুর থেকে তার স্বামীর সঙ্গে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আখতারুজ্জামান লাবুকেও র্যাব তুলে নিয়ে যায়।
তিনি বলেন, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে সাজ্জাদের মা সাহেদা বেগমও ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই প্রেস ক্লাব ছাড়েন তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সাজ্জাদ কিংবা লাবুকে আটকের অভিযোগ প্রত্যাখ্যান করে বলছেন, হত্যামামলার আসামি হিসেবে সবুজকে তারাও খুঁজছেন।
গত ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের মধ্যে জেলা শহরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সবুজ (২৫) নামে এক যুবলীগকর্মী নিহত হন।
শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের কর্মী-সমর্থকদের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়।
এরপর সবুজ হত্যামামলার এক আসামি জাকির হোসেন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যান। তারপরই লাবু ও সাজ্জাদকে তুলে নেওয়ার অভিযোগ করে তাদের পরিবার।
ওই সংঘর্ষের পর সাজ্জাদের দুটি ও লাবুর ১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করে তা জব্দ করে জেলা প্রশাসন।
