পরিবারের অভিযোগ ‘ধরে নিয়েছে’, র্যাব বলছে জানে না
জাতীয় শোক দিবসে কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সাজ্জাদ হোসেন সবুজসহ তিনজনকে র্যাব ধরে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সবুজ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার সঙ্গে আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনের ওই ইউনিটের সভাপতি আক্তারুজ্জামান লাবুকেও র্যাব ধরেছে বলে শুক্রবার কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন সবুজের পরিবারের সদস্যরা।
তবে এ দাবি নাকচ করে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কেউ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ এলে অনুসন্ধানে নামবেন তারা।
সংবাদ সম্মেলনে সবুজের মা সাহিদা বেগম বলেন, “শুক্রবার ভোর রাত পৌনে ৫টার দিকে গাজীপুরের মাওনা এলাকার ড্রিম স্কয়ার রিসোর্ট থেকে আমার ছেলে (সবুজ) ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে র্যাব সদস্যরা ওই রিসোর্টের মালিক মনিরুজ্জামানকেও গ্রেপ্তার করেছে।”
সংবাদ সম্মেলনে সবুজের বাবা শেখ কাইজার হোসেন, স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া, ছেলে শাহেদ হোসেন প্রেম, মেয়ে সুমাইয়া ফেরদৌসসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সবুজ ও লাবুকে ধরে নেওয়ার বিষয়ে র্যাবসহ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো তথ্য জানানো হচ্ছে না বলে দাবি করেন সবুজের স্বজনরা।
র্যাব-১ এর সদস্যরা তিনজনকে ধরে নিয়ে যায় বলে রিসোর্টের ম্যানেজার শিমুল আহমেদ মোবাইলে তাদের জানিয়েছেন বলে সংবাদ সম্মেলনে বলেন সবুজের মা।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব কিছু বলতে রাজি হননি।
আর র্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান বলেন, “র্যাব এ রকম কাউকে ধরেনি। তবে তাদের কেউ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পেলে তদন্ত করা হবে।”
আক্তারুজ্জামান লাবু ও শেখ সাজ্জাদ হোসেন সবুজ (বাঁ থেকে)।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিছু বলতে রাজি হননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক নেতা বলেন, “সবুজ আওয়ামী লীগের রাজনীতিতে অনুপ্রবেশকারী। টেন্ডারবাজি ও চাঁদাবাজি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে দিনকে রাত আর রাতকে দিন বানিয়েছে। সম্প্রতি জেলা আওয়ামী লীগের কয়েক নেতাকে প্রকাশ্যে গালাগালি করেছে। একজনকে লাঞ্ছিত করেছে। তার সাথে আওয়ামী লীগের কোনো সর্ম্পক থাকতে পারে না।”
এক সময় সবুজ জেলা বিএনপির প্রচার সম্পাদক কাজল মজমাদারের দেহরক্ষী ছিলেন বলে দাবি করেন তিনি।
গত ১৫ অগাস্ট কুষ্টিয়া শহরে জাতীয় শোক দিবসের কর্মসূচি শেষে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী সবুজ নিহত হন। এ ঘটনার পরদিন নিহতের ভাই আরিফ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ হোসেন সবুজকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি চার/পাঁচজনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়। যে ২০ জনের নাম উল্লেখ করা হয় তাদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লাবুর নাম নেই।
ওই হত্যাকাণ্ডের পর কুষ্টিয়া জেলা প্রশাসন আওয়ামী লীগ নেতাদের ১০টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করে, যার মধ্যে সবুজের দুটি ও লাবুর একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। লাইসেন্স বাতিল করা অস্ত্রগুলো জমা দিতে বলা হলেও এখনও তা দেননি লাবু।
এদিকে এই হত্যা মামলার সন্দেহভাজন আসামি জাকির হোসেন (৩০) গত মঙ্গলবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
