কক্সবাজারে সংঘর্ষে গুলিতে নিহত ১
নদীতে মাছ ধরার জাল ফেলাকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।
মঙ্গলবার বিকালে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মামা-ভাগিনার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি সাইকুল আহমদ ভূঁইয়া।
নিহত জাফর আলম (৪৫) ছোট মহেশখালীর মুদিরছড়ার দক্ষিণকূল এলাকার মৃত মোহাম্মদ জামালের ছেলে।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, মাছ ধরার জাল ফেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ জাফরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুস সালাম বলেন, হাসপাতালে আনার আগেই জাফরের মৃত্যু হয়েছে।
জাফরের ছোট ভাই মাহবুব আলম বলেন, মাছ ধরার জাল ও মাছ লুট করার জন্য মোস্তাক আহমদ, হেলাল উদ্দিন ও বেলাল উদ্দিনের নেতৃত্বে ১০/১৫ জন জাফর ও তার সঙ্গের লোকজনদের উপর হামলা চালায়। এ সময় জাফর গুলিবিদ্ধ হয়।
