২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক প্রবীরকে মুক্তি দিন: সিপিজে

ফেইসবুকে লিখে মন্ত্রীর সুনাম ক্ষুণ্ণের অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক প্রবীর সিকদারকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস-সিপিজে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 11:40 AM

Updated : 22 Aug 2022, 01:02 PM

সংগঠনের এশিয়া বিভাগের প্রোগ্রাম রিসার্চ অ্যাসোসিয়েট সুমিত গালহোত্রা সোমবার এক বিবৃতিতে বলেন, “সাংবাদিক প্রবীর সিকদারকে অবিলম্বে মুক্তি দেওয়ার পাশাপাশি তাকে হুমকি দেওয়ার অভিযোগ তদন্তের জন্য আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে বলা হয়, হুমকি পাওয়ার কথা প্রকাশ করায় এভাবে সাংবাদিককে জেলে পাঠানো হলে বাংলাদেশে বিচার ব্যবস্থার প্রতি আস্থার ‘আরও অবনতি’ ঘটবে।

স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে ফেইসবুক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রোববার রাতে তথ্য প্রযুক্তি আইনের মামলায় প্রবীর সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। 

সোমবার তাকে ফরিদপুরের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান। আর মঙ্গলবার তাকে পাঠানো হয় তিন দিনের পুলিশ রিমান্ডে।

উত্তরাধিকার ৭১ নিউজ এবং দৈনিক বাংলা ৭১ নামের পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদার আগে সমকাল ও কালের কণ্ঠে কাজ করেছেন।

দৈনিক জনকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি থাকাকালে ২০০১ সালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে পঙ্গু জীবনযাপন করছেন তিনি।

এই সাংবাদিকের অভিযোগ, একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী মুসা বিন শমসেরের বিরুদ্ধে প্রতিবেদন লেখার কারণে মুসার ভাড়াটে সন্ত্রাসীরা ওই হামলা চালায়।

ফেইসবুকে লেখালেখিকে কেন্দ্র করে হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে ঢাকায় থানায় সাধারণ ডায়েরি করতে গিয়েছিলেন একাত্তরে শহীদের সন্তান প্রবীর সিকদার।

কিন্তু পুলিশ ওই জিডি নেয়নি জানিয়ে গত ১০ অগাস্ট নিজের ফেইসবুক পাতায় একটি স্ট্যাটাসে নিজের জীবন নিয়ে ঝুঁকির কথা জানান প্রবীর।

‘আমার জীবন শংকা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামের ওই স্ট্যাটাসে তিনি লিখেন- “আমি খুব স্পষ্ট করেই বলছি, নিচের ব্যক্তিবর্গ আমার জীবন শংকা তথা মৃত্যুর জন্য দায়ী থাকবেন : ১. এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, ২. রাজাকার নুলা মুসা ওরফে ড. মুসা বিন শমসের, ৩. ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার ওরফে মাওলানা আবুল কালাম আজাদ এবং এই তিন জনের অনুসারী-সহযোগীরা।”

ওই লেখার মাধ্যমে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ তুলে মামলাটি করেন আইনজীবী স্বপন পাল। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলা করা হয়।

সিপিজের বিবৃতিতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে তাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। সরকারের সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করলে বাংলাদেশে সাংবাদিকদের ‘চাপের মধ্যে’ থাকতে হয় বলে তারা দেখতে পান। 

বাংলাদেশে গত ছয় মাসে চারজন ব্লগার খুন হওয়ার বিষয়টি তুলে ধরে সিপিজের বিবৃতিতে বলা হয়, সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার ব্লগার নিলয় নীল হুমকি পাওয়ার কথা জানিয়ে জিডি করতে গেলেও সে সময় থানা তা নেয়নি বলে তার স্ত্রী জানিয়েছেন। 

পুরনো খবর:

প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা, ফেইসবুকে নিন্দার ঝড়
সাংবাদিক প্রবীর সিকদার কারাগারে
ওই আইনে গ্রেপ্তার ছাড়া কী উপায়: মন্ত্রী মোশাররফ