সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ
সাভারের আশুলিয়া বেড়াতে গিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী দলগত ধর্ষণের শিকার হয়েছেন।
ওই ঘটনায় জড়িত অভিযোগে ছাত্রীটির বন্ধুসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে আশুলিয়া থানায় ওই ছাত্রী বাদী হয়ে এ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সোমবার ওই ছাত্রীকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন আশুলিয়ার সাধুপাড়া এলাকার আলীশ শুরের ছেলে মেয়েটির বন্ধু রাকিব ওরফে বাদল (২৭), পাড়াগ্রামের মজিবর বেপারীর ছেলে অকলাক বেপারী (২৭),আমান দেওয়ানের ছেলে রিয়াদ দেওয়ান (২২) এবং নিশ্চিন্তপুরের লিয়াকত আলী মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (২৪)।
মামলার নথি থেকে জানা যায়, বেসরকারি প্রাইম ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে তার ছেলে বন্ধু রাকিব শনিবার ফোন করে আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় বেড়ানোর কথা বলে ডেকে আনে।
বিভিন্ন স্থানে বেড়ানো শেষে রাত হলে মিরপুরে তার নিজ বাসায় যাওয়ার কথা বললে রাকিব কৌশলে তাকে নিশ্চিন্তপুর এলাকার পরিত্যক্ত একটি টিনশেড বাড়িতে নিয়ে যায়।
সেখানে আগে থেকে অবস্থান নিয়েছিল রাকিবের তিন সহযোগীসহ চারজন তাকে হাত-পা মুখ বেঁধে রাতভর ধর্ষণ করে ফেলে রেখে যায়।
তারা মেয়েটির সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে যায় বলেও মামলায় উল্লেখ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ওই ছাত্রী থানায় এসে পুলিশকে ঘটনা জানালে পুলিশ প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পায়।
“ওই রাতেই ওই ছাত্রীর মামলাটি নথিভুক্ত করা হয়।”
তিনি বলেন, মামলা হওয়ার পর রাতে পুলিশ প্রথমে সাদুপারা এলাকা থেকে রাকিবকে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে আর তিন যুবককে গ্রেপ্তার করে।
দুপুরে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন জানানো হয়েছে বলেও তিনি জানান।
