দিনাজপুরে বজ্রপাতে নিহত ২
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে স্কুলছাত্রসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে সাত জন।
রোববার দুপুরে উপজেলার ছাতইল ইউনিয়নের দেউর এলাকায় এবং মুশিদহাট ইউনিয়নের জালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দেউর উচ্চ বিদ্যালয়ে ষষ্ট শ্রেণির ছাত্র বাপ্পী (১২) ও জালগাঁও গ্রামের নেগর চন্দ্র রায়ের ছেলে শ্যামল চন্দ্র রায় (৩০)।
ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান খাদেমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা দেড়টার দিকে টিফিনের সময় দেউর উচ্চ বিদ্যালয়ে বজ্রপাত হয়। এ সময় মাঠে থাকা বাপ্পী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও সাত শিক্ষার্থী।
আহতদের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একই সময় জালগাঁও গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে শ্যামল চন্দ্র রায়ের (৩০) মৃত্যু হয়।
