সুনামগঞ্জে নৌকাডুবিতে মা-মেয়েসহ নিহত ৩
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যাত্রী বহনকারী একটি ইঞ্জিননৌকা ডুবে মা ও মেয়েসহ তিন জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরেক নারী।
শাল্লা থানার ওসি আনিসুর রহমান জানান, রোববার বিকালে ছাপতার হাওরের বেড়া মোহনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাসিনা আক্তার (২৫), তার মেয়ে প্রীতি (৩) এবং জনি (৫)।
নিখোঁজ জোৎস্না বেগমের উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ।
তারা সবাই উপজেলার ধামপুর গ্রামের বাসিন্দা।
উদ্ধার হওয়া যাত্রীদের বরাত দিয়ে ওসি আনিসুর রহমান জানান, দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ১১ জন যাত্রী নিয়ে শাল্লা আসছিল।
“বিকাল ৪টার দিকে শাল্লা উপজেলার ছাপতার হাওর বেড়া মোহনা এলাকায় পৌঁছলে ঝড়ো হওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
“ঘটনার পর স্থানীয়রা নৌকা থেকে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেন।”
পুলিশ স্থানীয়দের নিয়ে নিখোঁজ নারীকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান ওসি আনিসুর।
