সরকারি কর্মীদের গ্রেপ্তারের আইন নিয়ে বিতর্ক অমূলক: আইনমন্ত্রী
সরকারি দায়িত্ব পালনে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহিত হওয়ার আগে গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের অনুমতির বিধান রেখে নতুন আইন প্রণয়ন নিয়ে বিতর্ককে ‘অমূলক’ আখ্যা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
১৩ জুলাই মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সরকারি কর্মচারী আইন-২০১৫’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়ার পর এটা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
এই আইনের ব্যাখ্যায় মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা ‘সরকারি কর্মীকে গ্রেপ্তারের সরকারের অনুমোদন লাগবে’ জানালেও আইনমন্ত্রী বলছেন ভিন্ন কথা: ‘অনুমোদনের বিষয় নয়, সরকারি দায়িত্বে নিযুক্ত থাকাকালীন সময়ে কাউকে গ্রেপ্তারের আগে সরকারকে জানাতে হবে’।
বৃহস্পতিবার রাজধানীতে বিচার বিভাগের একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ ব্যাখ্যা দেন।
সরকারি কর্মচারী আইনে কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আইনের এই ধারার দুই নম্বর উপধারা অনুযায়ী, সরকারি দায়িত্বে নিযুক্ত থাকাকালীন কারও বিরুদ্ধে ফৌজদারি মামলায় তাকে গ্রেপ্তার করার জন্য ‘সরকারকে জ্ঞাত করতে হবে’।
“এটা কেন করতে হবে? তার বিরুদ্ধে কোনো মামলা হলে, তাকে গ্রেপ্তার করা প্রয়োজন হলে সরকারকে জানালে বিভাগীয় প্রক্রিয়া সম্পর্কে সরকারকে জ্ঞাত করা হলো এবং সরকার সেই সব পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হবেন।”
এফআইআর দায়েরের পর কোনো কর্মকর্তা গ্রেপ্তার হলে অবিলম্বে তাকে বরখাস্ত করার প্রক্রিয়া সারতেই এসব তথ্য সরকারের জানা থাকা দরকার বলে উল্লেখ করে আইনমন্ত্রী।
“মামলা করে একজন কর্মকর্তাকে ধরে নিয়ে যাওয়া হলো, সরকার জানলো না, তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারলো না। তখন এটা সরকারেরই দুর্বলতা দেখানো হবে। সেই কারণেই আইনে এই সুযোগ রাখা হয়েছে।”
ঔপনিবেশিক আমলের ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) সঙ্গে নতুন আইনের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সিআরপিসির ১৯৭ ধারার পেছনে উপনিবেশিক মানসিকতা ছিল। সেখানে বলা আছে, মামলা করার পর স্যাংশন (অনুমোদন) নিতে হবে।
“এখানে কিন্তু এ রকম কথা নাই। তারপর উপধারায় লেখা আছে, দুর্নীতির বিষয়ে হলে দুদকের আইন অগ্রাধিকার পাবে, সেটাও কিন্তু পরিষ্কার করা আছে।
“তাই আমি বলবো, এটা নিয়ে যে বিতর্ক হচ্ছে, আমার মনে হয়, তা অমূলক।”
সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুসারে ‘আইনে সবার সমান অধিকারে’ ছেদ পড়লো কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এখানে কোন বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। আইনে কোনো কর্মকর্তার গ্রেপ্তার ঠেকানোর ক্ষমতা সরকারকে দেওয়া হয়নি।
“আইনে যেটা বলা আছে, তাকে ইনফর্ম করতে হবে। তাকে জানানোর কারণ হচ্ছে, আমি যে পদক্ষেপগুলোর কথা বললাম, সেগুলোর জন্য সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।”
কিন্তু আইনে ‘ইনফর্ম’ শব্দটা ব্যবহার করা হয়নি- বলে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণের পর তিনি বলেন, অনুমোদন বলার কারণ হলো- এখানে তথ্য দিলে গ্রেপ্তার বন্ধ করতে পুলিশকে বলা যাবে না।
“এখানে আমার মনে হয় না, সরকারের পারমিশনের কথা বলা হচ্ছে। তিনি সরকারের দায়িত্বপূর্ণ কাজে নিয়োজিত। তাকে এখান থেকে সরিয়ে নেওয়ার পূর্বে জ্ঞাত করাটা আমার মনে হয় স্বাভাবিক। এখানে অনুমতির কথাটা এই আলোকেই দেখতে হবে, পারমিশনের সেন্সে নয়।”
“ব্যক্তিগত কর্মকাণ্ডে তিনি যদি কোন দোষ করেন, তাহলে প্রচলিত আইনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেখানেও সরকার যদি শুধু জানেন, তিনি ব্যক্তিগত অপরাধ করেছেন, সরকার সরকারের ব্যবস্থা গ্রহণ করবে।
“আমার মনে হয়, এটা নিয়ে কারো বিশেষ সুবিধা দেয়া হচ্ছে না, অন্য সাধারণ মানুষের অধিকার খর্ব হচ্ছে না।
