‘ছিনতাইকারীর ছুরিতে’ প্রাণ গেল ট্যুরিস্ট পুলিশের
কক্সবাজার শহরে ‘ছিনতাইকারীদের’ ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ট্যুরিস্ট পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের সার্কিট হাউসের কাছে গোলচক্কর এলাকায় এ ঘটনা ঘটে।
এর পরপরই ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয় বলে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এএসপি জহিরুল ইসলাম জানান।
আটকরা হলেন- কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার আবু তাহের (২৮) ও আবদুল মালেক (২৪)।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া জানান, নিহত পুলিশ সদস্যের বুকে ও পেটে আটটি জখমের চিহ্ন রয়েছে। ফুসফুসে ছুরির আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
এএসপি জহিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাহাড়ছড়া গোলচক্কর মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন পর্যটক ট্যাক্সিতে করে আসা একদল ছিনতাইকারীর কবলে পড়েন। তারা মালামাল নিয়ে পালানোর সময় একটু দূরে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাদের ধাওয়া করেন।
“এ সময় পারভেজ একজন ছিনতাইকারীকে জাপটে ধরে ফেললে পেছন থেকে আরেক ছিনতাইকারী তাকে এলোপাতাড়ি ছুরি মারে। অন্য পুলিশ সদস্যরা দুজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়।”
সহকর্মীরা আহত পারভেজকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকি ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে এএসপি জানান।
