মুন্সীগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ নিহত ৭
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে এক শিশু এবং স্বামী-স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার বিকালে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার এসআই আব্দুস সালাম জানান।
তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন ভাংচুরসহ এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
এ ঘটনায় হতহতের বেশিরভাগই লেগুনার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন-শ্রীনগর উপজেলার হাসাড়ার মঞ্জু মিয়ার ছেলে মো. এরশাদ (৩৫), একই গ্রামের রব্বেজ মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০) ও তার স্ত্রী সীমা বেগম, সিরাজদিখান উপজেলার লক্ষ্মীবিলাস গ্রামের দুলাল মিয়ার মেয়ে মাধুরী আক্তার (১৮), রাসেলের বোনের মেয়ে আলো (১০), শিপ্রা মণ্ডল (২৮), আলামিন (১৪) এবং সিরাজদিখান উপজেলার লক্ষীবিলাস গ্রামের দুলাল মিয়ার মেয়ে মাধুরী আক্তার (১৮)।
এদের মধ্যে এরশাদ লেগুনা চালক। রাসেল-সীমা দম্পতি ওই লেগুনায় ছিলেন।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে জানালেও তাদের পরিচয় জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, বিকালে মাওয়াগামী ইলিশ পরিবহনের সঙ্গে ঢাকাগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আলো নামে শিশুটি মারা যায় এবং রাতে ঢাকার মিডর্ফোট হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।
তিনি বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়রা কয়েকটি যানবাহন ভাংচুর করে এবং সড়ক অবরোধ করে রাখে।
“প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পর বাস ও লেগুনাটি আটক করা হলেও বাসের চালক পালিয়ে গেছে।
