বরের বাবার লাঠির আঘাতে কনের বাবা নিহত
কনে দেখতে গিয়ে যৌতুক নিয়ে দরকষাকষির এক পর্যায়ে পাত্রের বাবার লাঠির আঘাতে পাত্রীর বাবা নিহত হয়েছে।
এ ঘটনায় ফয়জার রহমান ওরফে ভুট্টু মিয়া (৪০) মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম।
গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামে সোমবার রাতে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে দেনা-পাওনা-টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। নিহত ফয়জার রহমান ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, রাখালবুরুজ গ্রামের আফছার আলীর ছেলে শাহিন মিয়ার সঙ্গে ফয়জার রহমানের মেয়ে শাহীনুর খাতুনের বিয়ের কথাবার্তা চলছিল।
সোমবার রাতে ছেলের বাবা আফছার আলীসহ আরো ৫/৬ জন মেয়ে দেখতে ফয়জারের বাড়িতে যান।
এসময় বিয়ের দেনা-পাওনা নিয়ে ছেলে পক্ষের লোকজনের সঙ্গে ফয়জারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছেলের বাবা আফছার আলী লাঠি দিয়ে ফয়জারের মাথায় আঘাত করেন।
আহত ফয়জারকে তার পরিবারের লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান।
ফয়জারের লাশ ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
