২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের স্বার্থে পোশাকের দাম বাড়ান: প্রধানমন্ত্রী

শ্রমিক কল্যাণে বাংলাদেশে তৈরি পোশাক আরও বেশি দামে কিনতে বিদেশি ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 05:08 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

বুধবার ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদুত গার্বেন ডি ইয়ংয়ের সঙ্গে আলোচনায় তিনি এই আহ্বান জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, “বিদেশি ক্রেতারা তৈরি পোশাকের দাম বাড়ালে বাংলাদেশের প্রায় ৪০ লাখ পোশাক শ্রমিকের জীবন-মানের আরও উন্নতি ঘটবে।”

তৈরি পোশাক খাতের শ্রমিকদের উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও ইউরোপের দেশটির বিদায়ী দূতের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

গত ছয় বছরে শ্রমিকদের বেতন তিন গুণের বেশি বৃদ্ধি এবং নারী শ্রমিকদের আবাসন ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান তিনি।

ডাচ রাষ্ট্রদূত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উচ্চ প্রশংসা করে বলেন, ২০২১ সালের মধ্যে পোশাক রপ্তানি দ্বিগুণ করে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পূরণ করা সম্ভব।

বাংলাদেশের কৃষি, হর্টিকালচার, গোখামার ও ভূমি পুনরুদ্ধার কাজে নেদারল্যান্ডসের সহযোগিতার ইচ্ছাও প্রকাশ করেন রাষ্ট্রদূত। বন্দরের উন্নয়নেও নেদারল্যান্ডস আগ্রহী বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দরের পাশাপাশি পায়রা বন্দর স্থাপনেও তার সরকার কাজ শুরু করেছে।

প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের বন্দরগুলো ব্যবহার করতে পারবে।

ডি ইয়ংয়ের দায়িত্ব পালনকালে বাংলাদেশ-নেদারল্যান্ডসের সম্পর্ক ‘নতুন মাত্রায়’ পৌঁছেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ডাচ রাষ্ট্রদূত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যেরও প্রশংসা করেন বলে প্রেস সচিব জানান।