বিদ্যুতেই প্রাণ গেল বিদ্যুৎমিস্ত্রির
গাজীপুরের ভোগড়া এলাকায় নিজের ঘরের পাখা মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক বিদ্যুৎমিস্ত্রি।
নিহত লিটন মালো (৩০) ‘প্যান এশিয়া’ নামের স্থানীয় একটি গার্মেন্ট কারখানার বিদ্যুৎমিস্ত্রি ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভোগড়া পূর্বপাড়ায় মোসলেম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. আলী আকবর জানান।
মোসলেমের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন লিটন।
মোসলেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ঘরে সিলিং ফ্যান সারাই করছিলেন লিটন।
“এক পর্যায়ে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আধাঘণ্টা পর তার মৃত্যু হয়।”
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
