২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্ট গার্ডের ওয়েবসাইট আক্রান্ত

বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর (কোস্ট গার্ড) ওয়েব সাইট হ্যাক করেছে একটি হ্যাকার গ্রুপ, যারা নিজেদের পরিচয় দিয়েছে পাকিস্তানি হিসেবে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 10:05 AM

Updated : 12 Oct 2022, 04:05 PM

বুধবার সকালে কোস্ট গার্ডের ওয়েব ঠিকানায় (http://www.coastguard.gov.bd/) গিয়ে দেখা যায় সেখানে লেখা রয়েছে ‘হ্যাকড বাই পাক সাইবার পাইরেটস’।

এর নিচে রোমান হরফে একটি বার্তাও দেওয়া হয়েছে। সালাম দিয়ে বাংলাদেশিদের ‘ভাই’ সম্বোধন করে বলা হয়েছে, “সাম অফ ইওর কিডস আর ট্রাইং টু প্লে উইথ পাক সাইবার স্পেস! উই ওয়ার্নড দেম অলরেডি বাট দে আর স্টিল ডুইং সেইম শিট! সো উই হ্যাভ টু প্রুভ টু দিজ কিডস দ্যাট হু ইজ পাপা হেয়ার!

হ্যাকারদের বার্তার শেষ অংশের বাংলা তর্জমা এরকম-, “তোমাদের ছেলেদের এ ধরনের কাজ থামানো উচিৎ….আমরা সবসময় বাংলার মানুষকে আমাদের ভাই মনে করি.. রাজনীতি এখানে কোনো বিষয় নয়।”

গুগল সার্চ করে কোস্ট গার্ডের ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করলেও আক্রান্ত ইনডেক্স পৃষ্ঠায় হ্যাকারদের ওই বার্তাই দেখা যায়। তবে http://www.coastguard.gov.bd/main/ পৃষ্ঠায় হোম পেইজ দেখা যাচ্ছে। ওয়েবসাইটের অন্যান্য পৃষ্ঠাও অক্ষত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোস্ট গার্ডের মহা-পরিচালক রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু হ্যাকার আমাদের ওয়েবসাইটের ইউআরএল হ্যাক করেছে। তবে গুগলে গিয়ে আপনি আমাদের সাইটে ঢুকতে পারবেন। আমাদের লোকজন সাইট মেরামতের কাজ করছে।”  

কোস্ট গার্ডের একজন কর্পোরাল নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে অফিসে এসেই তারা ওয়েবসাইটের ওই অবস্থা দেখতে পান এবং আইটি টিমকে খবর দেন।

‘পাক সাইবার পাইরেটস’ এর ফেইসবুক পেইজে দেখা যায় সেখানে কোস্ট গার্ডের হ্যাক করার পর ইনডেক্স পৃষ্ঠার লিংক দেওয়া হয়েছে গত সোমবার।  

পাকিস্তানের এই হ্যাকার গ্রুপটি গত মে মাসে জাতীয় সংসদের ওয়েব সাইটও হ্যাক করেছিল।