২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক

গোপালগঞ্জ থেকে জেলা যুবদল সভাপতি ও ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 11:10 PM

Updated : 22 Aug 2022, 12:50 PM

সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা শহরের মান্দারতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা যুবদল সভাপতি তৌফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সবুজ মোল্লা ও যুগ্ম আহ্বায়ক মিকাইল ইসলাম।

এছাড়া সিকদার শরিফুল ইসলাম সবুজ নামে আটক আরেকজন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সিকদার শহিদুল ইসলাম লেলিনের ছোট ভাই।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন ও সরকার পতনের কর্মসূচি নিয়ে তারা সভা করছিলেন বলে পুলিশের অভিযোগ।

ওসি জাকির বলেন, যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী শহরের মান্দারতলা এলাকায় সংঘবদ্ধ হয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও সরকার পতনের আন্দোলন নিয়ে সভা করছিল।

খবর পেয়ে পুলিশে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এ দুই সংগঠনের আরও অনেক নেতাকর্মী পালিয়ে যায়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক সিকদার শহিদুল ইসলাম লেলিন দাবি করেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে মান্দারতলায় যাত্রা বিরতি করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে চা পান করেন।

যুবদল সহসভাপতি খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর পুলিশ মান্দারতলা এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি, ছাত্রদলের দুই নেতা ও তার ছোট ভাই সবুজকে আটক করে।