মধ্যবাড্ডায় অগ্নিকাণ্ড তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের সহায়তা
রাজধানীর মধ্যবাড্ডায় টং ঘরে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে অগ্নিনির্বাপক বাহিনী।
সোমবারের আগুনে ক্ষতিগ্রস্ত ৩৭০টি পরিবারের তালিকা তৈরি করে ঢাকা জেলা প্রশাসন তাদের দিচ্ছে নগদ অর্থ ও চাল।
অগ্নিনির্বাপক বাহিনীর মহাপরিচালক আলী আহমদ খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে বাহিনীর সহযোগী পরিচালক রফিকুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
সোমবার দুপুরে মধ্যবাড্ডার পুষ্কনি পাড় এলাকায় স্থানীয় কমিশনার ওসমান গনির পারিবারিক জমির উপর ‘অপরিকল্পিতভাবে’ গড়ে ওঠা পাঁচটি টংঘরের শতাধিক ঘর আগুনে পুড়ে যায়।
মঙ্গলবার ঘটনাস্থল ঘুরে দেখা যায়, ঘর পোড়া মানুষগুলো ওসমান গনির বাড়ির নিচে ভিড় করেছেন। কেউবা সেখানে দাঁড়িয়ে কাঁদছেন আবার কেউবা পুড়ে যাওয়া জায়গায় দাঁড়িয়ে দেখার চেষ্টা করছেন তাদের কোনো ধরনের সম্পদ কিংবা আসাবপত্র অক্ষত আছে কি না।
পুড়ে যাওয়া ঘরগুলোর পাশের একটি বাসার ভাড়াটিয়া ও ব্যবসায়ী স্বপন কুমার ভাস্করের নেতৃত্বে ক্ষতিগ্রস্তদের খাওয়ার জন্য খিচুড়ি রান্না করা হয়েছে।
স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক বন্ধু মিলে ক্ষতিগ্রস্তদের জন্য খাবারের আয়োজন করেছি।”
আগুনে ক্ষতিগ্রস্ত ৩৭০টি পরিবারের তালিকা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম খন্দকার।
তালিকাভুক্তদের ১৫ কেজি চাল ও দুই হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এছাড়াও স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে এক হাজার টাকা ও একটি করে শাড়ি দেওয়া হচ্ছে বলে জানান আনোয়ারুল।
আগুন নেভাতে তৎপরতা (ফাইল ছবি)
দুপুর পর্যন্ত ২৬৪ জন ক্ষতিপূরণ নিয়েছেন। ১০৬টি পরিবার ঈদে গ্রামে থাকায় তারা সাহায্য নিতে আসেননি। ঢাকায় এসে পরে তারা সাহায্যের টাকা নিতে পারবেন বলে জানান ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।
এদিকে জেলা প্রশাসনের কাছ থেকে সাহায্য নিলেও তা যথেষ্ট নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা।
ঘরহারা আনোয়ারা বেগম (৩৫) কান্নাজড়িত কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাত রান্নার জন্য চাইল দিছে, শাড়ি দিছে। কিন্তু এই চাল কোন পাতিলে রানমু আর শাড়ি কই পরমু, তা কেউই কইতে পারে নাই।”
ফুলজান বেগম (৫৫) নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেই ফুচকার দোকান থেইকা আগুন লাগছিল হে এখন পলাইছে, আর আমাগো কপাল পুড়ছে।”
সরকারের দেওয়া চাল আর কাপড়ে কয়দিন চলব? বলেও হতাশা ব্যাক্ত করেন তিনি।
আট বছর ধরে এই এলাকায় বসবাস করা আসমা বেগম আগুন লাগার সময় ঈদ কাটাতে শরীয়তপুর ছিলেন। বসতঘর আগুনে পুড়েছে খবর পেয়ে পরিবার নিয়ে ঢাকায় ফেরেন তিনি।
“আমাগো এখন কি হইবো? কই থাকমু? কী খামু?” বলেই কাঁদতে থাকেন তিনি।
ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনোয়ারুল বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দরকার জানিয়ে ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়ার মাধ্যমে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্তরা অন্য কোনো ধরনের সহায়তা পাবেন কি না- তা চিঠির উত্তর পেলে জানাতে পারবেন বলে জানান তিনি।
