২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় শতাধিক টংঘর, মেসবাড়ি, দোকান ভস্মীভূত

রাজধানীর মধ্যবাড্ডায় আগুন লেগে একটি মেসবাড়ি, একটি ভবনে থাকা কয়েকটি দোকান এবং ঝিলের ওপর খুঁটি পুঁতে গড়ে তোলা শতাধিক টংঘর ভস্মীভূত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 01:59 PM

Updated : 12 Oct 2022, 04:03 PM

ফায়ার ব্রিগেড কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়া ও সিডিসিএল সিএনজি স্টেশনের পাশের গলিতে মধ্যবাড্ডা পুস্কনিপাড়ে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার ব্রিগেডের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিডিসিএল সিএনজি স্টেশন থেকে আনুমানিক পঞ্চাশ গজ গলির ভেতরে ভাই ভাই বোর্ডিং হাউজ নামে দোতলা টিনের ঘর। তার বাঁ দিকে একটি দোতলা মেসবাড়ি এবং ডান দিকে দোতলা ভবনের নিচতলায় কয়েকটি দোকান ও উপরে বোর্ডিংয়ের বর্ধিতাংশ। আর বোর্ডিংয়ের পেছনে ঝিলের ওপর খুঁটির মাচায় পাঁচটি দোতলা কাঠামোতে শতাধিক টিনের ঘর। আগুনে প্রায় সবই পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস) মেজর এ কে এম শাকিল নেওয়াজ সাংবদিকদের বলেন, “আমরা এখনও নিশ্চিত নই কীভাবে আগুন লেগেছে। ঘটনা তদন্তে একটি কমিটি করা হবে। এখনও কোনো মিসিং বা ডেডবডি পাওয়া যায়নি।”

স্থানীয় একটি চারতলা ভবনের বাসিন্দা ইরফান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সাড়ে ১২টার দিকে বাসা থেকে ঝিলপাড়ে একটি ফুচকার দোকানে আগুন জ্বলতে দেখি। পরে সেই আগুন টংঘর আর বোর্ডিংয়ে ছড়িয়ে পড়ে। 

 

এক পর্যায়ে আগুনের শিখা অনেক উঁচু পর্যন্ত উঠে যাওয়ায় চারপাশের আবাসিক ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রগতি সরণীর এক পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আশপাশের এলাকা থেকে বহু মানুষ জড়ো হওয়ায় তাদের সামলাতে হিমশিম খেতে হয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় পাশের ভেনাস কমপ্লেক্স নামের একটি বহুতল ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। আগুনের তাপে ভাই-ভাই বোর্ডিংয়ের উত্তর-পশ্চিম পাশের ভবনগুলোর দরজা-জানালার কাচ ফেটে যায়। টাইলসও উঠে যায়।

আগুন নেভানোর চেষ্টার মধ্যেই গিয়াসউদ্দিন রানা নামের এক মাইক্রোবাস চালক তার দুই মেয়ে ও স্ত্রীর কোনো খোঁজ না পাওয়ার কথা জানান।

হেলেনা বেগম নামের এক নারী জানান, তার মেয়ে শিল্পী ২ বছরের ছেলে আদিব ও ২ মাসের ছেলে আতিককে নিয়ে একটি টংঘরে থাকেন। ফোনে মেয়ের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেও ভেতরে ঢুকতে না পেরে কান্নাকাটি করতে দেখা যায় তাকে।

আগুন নেভানোর পর রানা ও হেলনা দুজনেই তাদের স্বজনদের খোঁজ পাওয়ার কথা জানান।  

পাশের খান মার্কেটের ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, নিম্ন আয়ের বহু কর্মজীবী মানুষ ওইসব টংঘরে ভাড়া থাকতেন। তার একজন কর্মচারীও ওই বোর্ডিংয়ে থাকতেন। আগুন লাগার পর তিনি বেরিয়ে আসতে সক্ষম হন।

কয়েক বিঘা জমির ওপর গড়ে তোলা এসব স্থাপনার মালিক ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গণি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না। কাঠ ও টিনের মেসবাড়ি ছাড়াও টংঘরগুলো পুড়ে গেছে।”

ওসমান গণির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাড্ডা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বলেন, “টং ঘরগুলোতে দেড় শতাধিক পরিবার ভাড়া থাকতেন। ঈদে অনেকেই বাড়ি যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।”

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহমেদ খান বলেন, “সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এসব স্থাপনা তৈরি করা হয়েছিল। এ কারণে আগুন নেভাতে গিয়ে পানির জোগান পেতে সমস্যা হয়েছে। এখনো কোনো হতাহতের খবর আমাদের জানা নেই।”

অপরিকল্পিত স্থাপনা নির্মাণের বিষয়টি স্বীকার করেন স্থানীয় সাংসদ এ কে এম রহমত উল্লাহ বলেন, এরপর যাতে এখনে আর এভাবে স্থাপনা তৈরি না হয় তা তিনি দেখবেন।

বাড্ডায় অগ্নিকাণ্ড