সিলেটে জামায়াতের ৪৯ নেতাকর্মী কারাগারে
পুলিশের উপর হামলা, নাশকতা ও ভাংচুর মামলায় সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ ৪৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার সিলেটের বিচারিক হাকিম নজরুল ইসলাম এ আদেশ দেন।
সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের এ নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
শামসুল ইসলাম বলেন, ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বিয়ানীবাজারে পুলিশের উপর হামলা ও নাশকতার অভিযোগে জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় এই ৪৯ আসামি জামিনে ছিলেন।
“মঙ্গলবার অভিযোগ গঠনের দিন সব আসামি আদালতে হাজির হন। বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
