ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথক দুই মামলায় কারাবন্দি বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু ও নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে জামিন দিয়েছে হাইকোর্ট।
আসামিদের আবেদনে মঙ্গলবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. আব্দুল হাফিজের বেঞ্চ এ আদেশ দেয়।
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড মামলায় নাসির উদ্দিন পিন্টুকে ছয় মাস অথবা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্র"য়ারি এ মামলা হয়। এতে পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহী বিডিআর জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
এ মামলায় ২০০৯ সালের ২ জুন গ্রেপ্তার করা হয় পিন্টুকে।
অন্যদিকে, ২০০১ সালে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার অভিযোগে দায়ের মামলায় আব্দুস সালাম পিন্টুকেও ছয় মাসের জামিন দিয়েছে আদালত একই আদালত।
২০০১ সালের ১৭ জুন এ মামলাটি করা হয়। এই মামলায় ২০০৯ সালের ৯ নভেম্বর সালাম পিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়।
আদালতে নাসির উদ্দিন পিন্টুর পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক ও আব্দুস সালাম পিন্টুর পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/১৮৫০ ঘ.
bdnews24