২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আরো দুজনের দোষ স্বীকার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের মধ্যে আরো দুজন দোষ স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 01:06 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

বান্দরবান, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের মধ্যে আরো দুজন দোষ স্বীকার করেছেন। এ নিয়ে ৩৫ আসামির মধ্যে ১০ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চাইলেন। মঙ্গলবার মামলার ৩৫ আসামির বিরুদ্ধে ১২ সাক্ষীর জবানবন্দি নিয়েছে বিশেষ আদালত-১৬। গত দুদিনে ২০ জনের সাক্ষ্য নেওয়া হলো। সকাল ৯টায় চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বিডিআর প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত বিশেষ আদালতের কাজ শুরু হয়। দুপুর আড়াইটায় বিচার কাজ শেষে বুধবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। এরপর মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম সাংবাদিকদের জানান, রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওইদিন সাতজন ও সোমবার একজন আসামি দোষ স্বীকার করেন। আজ (মঙ্গলবার) দোষ স্বীকার করা দুই আসামি হলেন- ল্যান্স নায়েক বিল্লাল হোসেন ও সিপাহি কামরুল হাসান। এছাড়া সোমবার সাক্ষ্য দেওয়ার প্রথমদিন আটজনের জবানবন্দি নেওয়া হয় বলে প্রসিকিউটর জানান। তিনি জানান, আগামীকাল বুধবারও সাক্ষীদের জবানবন্দি নেওয়া হবে। বিশেষ আদালতে সভাপতিত্ব করছেন বিডিআর রাঙ্গামাটি সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর এম এ রাকিব। আদালতকে সহায়তা করেন, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৫ ঘ.