জয়পুরহাট, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের ১৩ জওয়ান বিদ্রোহের অভিযোগ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন।
ব্যাটালিয়নের অভিযুক্ত ২০ জওয়ানের বিচার চলছে ১৩ নম্বর বিশেষ আদালতে।
সোমবার সকাল সাড়ে ১০টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিচার কাজ শুরু হয়।
এরপর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
তাদের বিরুদ্ধে গত বছরের ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অস্ত্র ও গোলাবারুদ লুট, ব্যাটালিয়নে নিযুক্ত সেনা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাদের ভয় ভীতি দেখানো এবং জনমনে ভীতি সঞ্চারের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ গঠনের পর আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়।
মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে ৩ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালত মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।
মধ্যাহ্ন বিরতি দিয়ে আদালতের কাজ চলে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়।
বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআর দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আলম ও মেজর দীদার-আল লতিফ।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24