২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহে চার জেলায় অভিযোগ শুনানি

বিডিআর বিদ্রোহের মামলায় দুই জেলায় মঙ্গলবার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। আরো দুই জেলায় অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় দুই জেলায় মঙ্গলবার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। আরো দুই জেলায় অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭ ফেব্র"য়ারি খাগড়াছড়িতে এবং ২২ ফেব্র"য়ারি খুলনায় অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো অভিযোগের শুনানি হয়। দিনাজপুরের ফুলবাড়ীর ৪০ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জওয়ানের বিচার কাজ শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: খাগড়াছড়ি: খাগড়াছড়ি সেক্টর সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫ এ মঙ্গলবার সকাল ১০টায় দ্বিতীয় দিন রামগড় ১১ রাইফেল ব্যাটালিয়নের ৬৯ জন বিডিআর সদস্যের অভিযোগের শুনানি হয়। একই ব্যাটালিয়নের ডিএডি মো. হাফিজ আহম্মেদ অভিযোগের বর্ণনা দেন। আদালত আগামী ২০১১ সালের ৭ ফেব্র"য়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছে। আসামিদের ৫৭ জন একটি সিআর মামলায় গ্রেপ্তার হয়ে খাগড়াছড়ি জেলা কারাগারে রয়েছেন। বিশেষ আদালতের নির্দেশে গত বুধবার আরো ১২ জওয়ানকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়। গত ২৪ অক্টোবর এই আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রথম দিনের শুনানিতে ওই ১২ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নজরুল ইসলাম তালুকদার। খুলনা : খুলনা সেক্টর সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ এ খুলনা ২৩ রাইফেল ব্যাটলিয়নের সেক্টর সদরদপ্তর ও উপকূলীয় সহায়ক কোম্পানির মোট ৮৬ জওয়ানকে মঙ্গলবার ১০টায় হাজির করা হয়। আদালত আগামী ২২ ফেব্র"য়ারি সদরদপ্তর ইউনিটের ৫৯ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেন। উপকূলীয় সহায়ক কোম্পানি ইউনিটের ২৭ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করা হয় আগামী ৫ মার্চ। সোমবার এ দু'টি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হলে আদালত তা গ্রহণ করে সব আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করার নির্দেশ দেন। বিচারক প্যানেলের সভাপতি ছিলেন রাজশাহী বিডিআর'র সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। আদালতের সহায়তা করেন- লেফট্যানেন্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন, লেফট্যানেন্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি শশাংক শেখর সরকার। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয় ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলতি আইনে। বান্দরবান: চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বাংলাদেশ রাইফেলস ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-১৬ এ সকাল ১০টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ বিডিআর সদস্যের বিরুদ্ধে দ্বিতীয় দিন অভিযোগের শুনানি হয়। আসামিদের উপস্থিতিতে প্রসিকিউটর ও নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম অভিযোগ তুলে ধরেন। আদালত আসামিদের কিছু নির্দেশনা দিয়ে তাদের বান্দরবান জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আগামী ০৫ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির করে অভিযোগ গঠন করার তারিখ ধার্য করা হয়েছে। ওইদিন আসামিদের প্রত্যেকের অভিযোগ আলাদা করে পড়ে শোনানো হবে। সোমবার বিশেষ আদালত-১৬ এ প্রথম দিনের মতো বিচার কাজ শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম। দিনাজপুর : ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়ন দপ্তরে সকাল ১০টায় বিশেষ আদালত-১৩ এ বিচার কাজ শুরু হয়। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করেন মামলার বাদী ৪০ রাইফেল ব্যাটালিয়নের জেসিও নায়েক সুবেদার সহকারী আসাদুজ্জামান। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় আসামিদের হাজির করার নির্দেশ দেয়। ২৩ আসামির মধ্যে ১৩ জন জেলা কারাগারে আটক আছেন। অপর ১০ জনকে বিশেষ আদালতের নির্দেশে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তিন সদস্যবিশিষ্ট বিশেষ আদালতে সভাপতিত্ব করেন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমদ। বিচারক প্যানেলের অপর দুই সদস্য ছিলেন- লেফট্যানেন্ট কর্নেল মাহফুজ আলম ও মেজর দিদার আল-লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বিশ্বজিৎ রায়। প্রসিকিউটর ছিলেন ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আমিরুল ইসলাম সিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেবি/ডিডি/১৯৪৪ ঘ.