১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোনালী লাইফের চেয়ারম্যানসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাদের বিরুদ্ধে ১৮৮ কোটি টাকা তছরুপের অভিযোগ আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 03:49 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, মোস্তফা কামরুস সোবহান, শাফিয়া সোবহান চৌধুরী, তাসনিয়া কামরুন অনিকা, ফজলুতুননেসা, নূর-ই-হাফজা ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর যাশেম বিন আমান। 

এদিন দুদকের উপপরিচালক রাকিবুল হায়াত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।

দুদকের আবেদনে বলা হয়, ওই ব্যক্তিরা জাল চুক্তিনামা তৈরি করে বিভিন্ন সময়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল থেকে প্রায় ১৮৮ কোটি টাকা আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দুদকের মামলা বর্তমানে তদন্তাধীন আছে।

এতে বলা হয়, গত ২০ অগাস্ট তাদের বিদেশ গমনে ৬০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার মেয়াদ শেষ হবে ২২ অক্টোবর। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।