Published : 11 May 2026, 02:33 PM
ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ধানমন্ডি থানা পুলিশের একটি দল।
এ সময় ‘আত্মরক্ষার্থে’ পুলিশের ছোড়া গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন বলে ভাষ্য পুলিশের; এ ঘটনায় দুইজন পুলিশের হাতে আটকও হয়েছেন।
সোমবার সকালে মোহাম্মদপুর টাউনহলের পেছনের গলিতে এই ঘটনা ঘটে বলে পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন জানিয়েছেন।
গুলিবিদ্ধ সাকিব পুলিশি প্রহরায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া ঘটনাস্থল থেকে পলাশ ও বিপ্লব নামে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি,চাকু এবং একটি খেলনা রিভলভার উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন বলেন, “পূর্বের একটি মামলার তদন্তের সূত্র ধরে ধানমন্ডি থানা পুলিশ গোপণ তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছে।”
এই ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য সামান্য আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।
সাদ্দাম হোসাইন জানিয়েছেন, সকাল ৬ টার দিকে টাউন হল এলাকায় ছিনতাইকারী গ্রেপ্তারে অভিযান চালালে ছিনতাইকারীদের দলটি ‘চাইনিজ কুড়াল, চাপাতি নিয়ে আক্রমণের চেষ্টা করে’। এ সময় ‘আত্মরক্ষার্থে’ এক পুলিশ সদস্য পিস্তল থেকে চার রাউন্ড গুলি করে।
“প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এরপরেও তারা আক্রমণ করতে আসলে এক ছিনতাইকারীর পা লক্ষ্য করে গুলি করলে তার পায়ের আঙুলে গুলি লাগে।”
পুলিশ বলছে, এই চক্রটি ধানমন্ডিসহ আশপাশের এলাকায় বাইকে করে চাপাতি, ছুরি নিয়ে হামলা চালিয়ে ছিনতাই করে আসছিল।
সন্ত্রাস: মোহাম্মদপুরে সেনাবাহিনীর 'বিশেষ ব্যবস্থা'
মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণ কীভাবে, যা করতে চান পুলিশ কমিশনার