Published : 29 Jul 2025, 07:49 PM
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জুলাই- অগাস্টের তারুণ্যের উদ্দীপনা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর- আদাবর এলাকার শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
মোহা্ম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাঠ থেকে এ র্যালি শুরু হয়। সেটি টাউনহল হয়ে শেষ হয় তাজমহল রোডে গিয়ে। অনুষ্ঠানে কেন্দ্রীয় কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা সরকারকে হটানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে আব্দুল হাই বলেন, “এই তারুণ্যই পারে সমাজ থেকে সন্ত্রাস আর মাদক দূর করতে।”
মাদক ও সন্ত্রাসের বিষয়ে মোহাম্মদপুর নিয়ে বাইরে একটা ‘বাজে ধারণা আছে’ মন্তব্য করে তিনি বলেন, “মাদক ও সন্ত্রাসকে না বলার পাশাপাশি এ ধরনের উদ্যোগকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে।”
আব্দুস সালাম বলেন, “মোহাম্মদপুর-আদাবর এলাকায় আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, বাংলাদেশে কোনো খারাপ আইনশৃঙ্খলার কথা উঠলেই, মোহাম্মদপুরের নাম এক নম্বরে আসে। আমরা মোহাম্মদপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চাই।”
কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ অলিউল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনায় ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে।