২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার: সংসদে রুমিন

“সরকার একদিকে বলছে জ্বালানির কোনো ঘাটতি নেই, অন্যদিকে তেল নিতে গিয়ে মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।”

তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার: সংসদে রুমিন
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 06:19 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

দেশে জ্বালানির সংকট না থাকলে তেলের জন্য পাম্পের বাইরে ‘তিন কিলোমিটার লম্বা লাইন’ কেন দেখা যায় এবং দামই বা সরকারকে কেন বাড়াতে হয়, সে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসের আলোচনায় রোববার তিনি বলেন, সরকার একদিকে বলছে জ্বালানির কোনো ঘাটতি নেই, অন্যদিকে তেল নিতে গিয়ে মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের একটি বাক্য তুলে ধরে তিনি বলেন, “কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বিনী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেষ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার।”

রুমিন ফারহানা বলেন, “কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে। তারা তেল পাচ্ছে না। কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই।”

এ সময়ে সরকারি দলের সদস্যদের হইচইয়ের মধ্যে বক্তব্য দিতে গিয়ে রুমিন আরও বলেন, “মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন, বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় তিন কিলোমিটার লম্বা লাইন।”

জ্বালানি পরিস্থিতি সামাল দিতে সরকারের ঘোষিত পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রুমিন বলেন, “সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেটপ্লেস ৭টা বাজে বন্ধ করে দেওয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার। তবে মনে রাখতে হবে কেনাকাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়। তার আগে হয় না।

“দুই হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। তিনদিন পাঁচ দিনের জায়গায় চারদিন বা তিনদিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইন বা কেন দামি বাড়াইতে হয় কেন অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন এই প্রশ্নগুলা তো ওঠে মাননীয় স্পিকার।”

স্পিকারের মাধ্যমে সরকারের কাছে জ্বালানি মজুদের স্পষ্ট হিসাবও চান এই সংসদ সদস্য।

তার ভাষায়, “আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই ওনারা যদি পরিষ্কার বলেন বাংলাদেশে বর্তমানে কতদিনের অকটেন ডিজেলের মজুদ আছে কতদিন চলতে পারবে পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না তেলের মজুদারী...।”

শনিবার রাতে চার ধরনের জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে, যা মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

নতুন দরে ডিজেলের লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তাতে করে লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা (আগের দর ১০০ টাকা), অকটেন ২০ টাকা (আগের দর ১২০), পেট্রোল ১৯ টাকা (আগের দর ১১৬) এবং কেরোসিন ১৮ টাকা (আগের দর ১১২) বেড়েছে।

জ্বালানি তেলের সংকট শুরু হয় রোজার ঈদের আগে। চাহিদা অনুযায়ী জ্বালানি না পেয়ে ও দীর্ঘ সময় লাইন ধরে থাকা নিয়ে কোন কোন পাম্পে ঘটেছে মারামারি, বিশৃঙ্খলা। নড়াইলে গত ২৮ মার্চ তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনাও ঘটেছে।

কোথাও কোথাও পাম্পে অকটেন-পেট্রোল না থাকার নোটিশ এবং কৃত্রিম সংকটের অভিযোগও সামনে এসেছে।

সরকার বলছে, ইরান যুদ্ধের জেরে বাধ্য হয়ে তেলের দাম বাড়ানো হয়েছে। 

রুমিনের বক্তব্য চলাকালে সরকারি দলের সদস্যদের দিক থেকে আপত্তি দেখা গেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

তিনি বলেন, “মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ।”

এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান দাঁড়িয়ে সরকারি দলের এমপিদের আচরণের সমালোচনা করেন।

তিনি বলেন, “এই সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। যারা এখানে নির্বাচিত হয়ে এসেছেন দেশের জনগণের সমর্থন, ভোট, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এসেছেন। আমরা সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলব কোনো সংসদ সদস্য যখন দাঁড়িয়ে কোনো কথা বলবেন তা নিয়ন্ত্রণ অথবা তাকে এলাও করার একক এখতিয়ার হচ্ছে মাননীয় স্পিকারের।”

শফিকুর রহমান বলেন, “আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না।”

কারো নাম উচ্চারণ না করে তিনি আরও বলেন, “এমনকি আমি এও লক্ষ্য করলাম একবার দুইবার নয় চারবার পাঁচবার নির্বাচিত হয়ে সংসদে যারা এসেছেন তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে আমি নিজে লজ্জা পেতে চাই না।”

বিরোধীদলীয় নেতা বলেন, তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছেন এবং নিন্দা জানাতেও বাধ্য হচ্ছেন।

পরে চিফ হুইপ নুরুল ইসলাম নোটিস বাছাইয়ের পদ্ধতি নিয়ে বক্তব্য দেন। 

তিনি বলেন, “অনেক সদস্য বারবার নোটিস দিলেও কথা বলার সুযোগ পাচ্ছেন না, আবার কেউ কেউ দুই তিনবার কথা বলছেন।”

চিফ হুইপ স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনার সিদ্ধান্ত চূড়ান্ত’; তবে নতুন সদস্যদের অংশগ্রহণ বাড়াতে নোটিসের ক্রম এবং সুযোগ বণ্টনের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পরে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, “প্রায় আমাদের ২২০ জন নতুন এরা সবাই কথা বলতে চায় এবং তার এলাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলতে চায়।”

আরও বলেন, “যিনি নোটিস আগে দিবেন তারটা আগে আসবে। সিরিয়ালি আগে আসবে।”

নতুন সদস্যদের উৎসাহ দিতে এক ব্যক্তি বারবার সুযোগ পেলে পরে অন্যদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাবও দেন তিনি।

জবাবে স্পিকার বলেন, নোটিশের ক্রম বজায় রেখেই তালিকা করা হয়েছে।

স্পিকার বলেন, “নোটিশ নম্বর পর্যন্ত দেওয়া আছে। যেমন যারা দ্বিতীয়বার নোটিশ দিয়েছেন আট নম্বর সিরিয়াল থেকে শুরু হয়েছে। নোটিশ নম্বর ৭৯৩, ৭৯৪, ৭৯৭, ৯৮, ৯৯, ৮০০, ৮০১, ৮০২ এই সিরিয়ালটা মেনটেইন করা হয়েছে।

“নোটিসের ক্রম অনুযায়ী এখানে সিরিয়ালটা করা হয়েছে।”

একই আলোচনায় গাজীপুর ৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহউদ্দীন তার এলাকায় দীর্ঘ সময় ধরে চলা লোডশেডিংয়ের কথাও তুলে ধরেন। 

তিনি বলেন, “এখন আমাদের বিশেষ করে গাজীপুরের কাপাসিয়ায় ১০–১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়। সেখানে চিকিৎসা ব্যবস্তা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে সেচ ব্যবস্থা বেঙ্গে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীরা হাইহাই করছে।”

তিনি আরও বলেন, “বিদ্যুতের সংকটের কারণে চতুর্দিকে যে অবস্থা চলছে এটা উত্তরণে আশু ব্যবস্থা না নিলে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।”

এমপি সালাহউদ্দীন সংসদের বিভিন্ন পণ্য ক্রয়েও ‘ব্যাপক দুর্নীতি’ হয়েছে বলেও অভিযোগ তোলেন। 

তিনি বলেন, “অতীতেও এমন দুর্নীতি হয়েছে। এটা যেন বন্ধ হয় সেজন্য উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা করেন।”

এছাড়া পাবনা-২ আসনের বিএনপির সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব সারের ডিলার নিয়োগসংক্রান্ত বিষয় তুলতে গিয়ে চলমান জ্বালানি সংকটের কথাও বলেন । 

তিনি বলেন, “আমাদের এখন যে ডিজেল পেট্রোলের যে সংকট এটি আমি মনে করি যে এর সঙ্গে পাম্প মালিকদের একটা যোগসাজস রয়েছে।”

জয়পুরহাট-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গে কথা বলার সময়ে তেল সংকটের প্রভাবের কথাও বলেন। 

তিনি বলেন, “আমরা আসলেই জানি যে আমাদের গোটা দেশেই যদি ধরি বর্তমান পরিস্থিতি খুব সংকটাপন্ন। শুধু তেল সংকট নয়। তেল সংকটের জন্য যেটা হচ্ছে হচ্ছেই।” 

এরপর তিনি সড়ক উন্নয়নকাজে বিটুমিনের দাম বেড়ে যাওয়ার প্রভাবের কথাও বলেন। তার ভাষায়, “ইঞ্জিনিয়ারদের সাথে আমি বসেছিলাম তারা বলেছে যে বিটুমিনের অভাবে এখন কাজ করা যাচ্ছে না।” 

সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী