২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাব মঞ্চের সমাবেশস্থল থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

সমাবেশস্থল থেকে ‘একজন অস্ত্রধারীকে’ আটকের কথা ফেইসবুকে লিখেছেন বিক্ষোভকারীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 09:42 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

ঢাকার শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও সমাবেশস্থল থেকে এক যুবককে ‘অস্ত্রসহ আটকের’ তথ্যের পর পুলিশ বলেছে, সেটি একটি ‘খেলনা পিস্তল’।

সোমবার রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা তাকে আটক করে বলে পুলিশ জানিয়েছে।  ওই ব্যক্তির নাম আরাফাত জামান। 

ওই ঘটনা তুলে ধরতে গিয়ে বিক্ষোভকারীদের কেউ কেউ ফেইসবুকে লেখেন, সমাবেশস্থল থেকে ‘একজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে’।

তবে রাত ৯টার দিকে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “আটক ওই ব্যক্তির নাম আরাফাত। তার কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটা একটা খেলনা পিস্তল।

“সে কী উদ্দেশ্যে, কেন এখানে (শাহবাগে) এসেছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”