২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির হলে এক বছরে ছাত্রলীগের নির্যাতনের শিকার ২৭ শিক্ষার্থী: স্যাট

সমীক্ষা করতে গিয়ে স্যাটের সদস্যরাও নির্যাতনের শিকার হয়েছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

ঢাবির হলে এক বছরে ছাত্রলীগের নির্যাতনের শিকার ২৭ শিক্ষার্থী: স্যাট

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ‘স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চার-স্যাট’।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 09:26 PM

Updated : 28 Feb 2023, 09:26 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গত বছর ২০টি ঘটনায় ২৭ শিক্ষার্থী ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে এক সমীক্ষায় উঠে এসেছে।

এদের মধ্যে ‘জোর করে’ ২৬ শিক্ষার্থীকে হল ছাড়া করেছে ছাত্রলীগ। এছাড়া পৃথক ঘটনায় তিনজন সাংবাদিক হেনস্থার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পরিচালিত শিক্ষার্থীভিত্তিক মানবাধিকার সংগঠন ‘স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চার-স্যাট’।

সংবাদ সম্মেলনে সমীক্ষা প্রতিবেদন তুলে ধরেন সংগঠনটির হেড অব ডকুমেন্টেশন আহনাফ সাঈদ খান।

তিনি বলেন, “আমরা পত্রপত্রিকার তথ্য ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করেছি। প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি।

“২০টি ঘটনার মধ্যে কেবল চারটি ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। ছাত্রলীগ জোর করে ২৬ জন শিক্ষার্থীকে হল থেকে বের করে দিয়েছে। এর কারণ ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়া, বড় ভাইয়ের আদেশ না মানা।”

এই সমীক্ষা করতে গিয়ে স্যাটের সদস্যরাও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালেহ উদ্দিন সিফাত।

তিনি বলেন, “গেস্টরুম নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পক্ষে অ্যাডভোকেসি এবং নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে স্যাট সদস্যরা অনলাইনে বুলিংয়ের শিকার হওয়ার পাশাপাশি নির্যাতনেরও শিকার হয়েছেন।”

গত ১৯ অগাস্টে নির্যাতিত এক শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনার পথে তিনি ও স্যাটের ডকুমেন্টশন টিমের হেড আহনাফ সাঈদ খান ছাত্রলীগের কয়েকজনের হাতে নির্যাতনের শিকার হন বলে দাবি করেছেন।

সিফাত বলেন, “চলতি বছরের জানুয়ারি মাসে আমাদের সদস্য তারেক রেজাকে শহীদুল্লাহ হলে আটকে রেখে নির্যাতন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গিয়ে তাকে উদ্ধার করে।”

স্যাটের অভিযোগের বিষয়ে ছাত্রলীগের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সরকার সমর্থক এই সংগঠনের নেতারা এই ধরনের নির্যাতনে সংগঠনগতভাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। সেই সঙ্গে বলে আসছেন, ছাত্রলীগের কারও বিরুদ্ধে অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দাবি করে সিফাত বলেন, “ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটসের ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে- ‘নাগরিকরা কোনো নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক দণ্ডের শিকার হবে না’। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।

“এই নির্যাতনের হার সবচেয়ে বেশি আবাসিক হলগুলোর অতিথি কক্ষে, যা নির্যাতিত শিক্ষার্থীদের শিক্ষার অধিকারকেও হরণ করছে। সম্প্রতি ইবি শিক্ষার্থী নির্যাতনের লোমহর্ষক ঘটনা আমরা সংবাদমাধ্যম মারফত প্রত্যক্ষ করেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

র‍্যাগিংয়ের বিরুদ্ধে আইন পাস করা ও এসব কাজে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে স্যাট পরিচালক সিফাত বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান- অতি শিগগিরই শিক্ষার্থী নির্যাতনের সাথে জড়িত নির্যাতকদের তদন্তপূর্বক প্রাশাসনিক শাস্তি নিশ্চিত করুন এবং গেস্টরুম নির্যাতনের বিরুদ্ধে একটি প্রশাসনিক বিধি প্রণয়ন করুন।

“আমরা মহামান্য উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করছি- বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এভাবে শিক্ষার্থী নির্যাতন চলতে থাকলে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ক্ষুণ্ণ হবে। পড়াশোনার জন্য একটি নিরাপদ পরিবেশ তারা পাবেনা।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্যাটের মিডিয়া ডিরেক্টর আনাস ইবনে মুনীর, উইমেন অ্যাফেয়ার্স অ্যান্ড জেন্ডার এথিক্স ডিরেক্টর স্মৃতি আফরোজ সুমি ও সদস্য সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য।