১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইশতেহার বাস্তবায়নে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী: সাকি

"এই যে সর্বাত্মক চেষ্টা, এটা এমনভাবে তিনি উপস্থাপন করেছেন, যেটা কেবল একটা কথার কথা নয়,” বলেন অর্থ প্রতিমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 07:42 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সবাইকে ‘সর্বাত্মক চেষ্টা’ চালাতে প্রধানমন্ত্রীর তরফে নির্দেশনা আসার কথা বলেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। 

বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ নির্দেশনার কথা তুলে ধরেন তিনি। 

সাকি বলেন, “মন্ত্রিপরিষদের সঙ্গে প্রধানমন্ত্রী একটা মতবিনিময় করেছেন। সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন, যেসব নির্বাচনি অঙ্গীকার ইশতেহারে দেওয়া হয়েছে, সেটা বাস্তবায়নে সবাইকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। 

"এই যে সর্বাত্মক চেষ্টা, এটা এমনভাবে তিনি উপস্থাপন করেছেন, যেটা আসলে কেবল একটা কথার কথা নয়। অপ্রয়োজনীয় সময় যেন ব্যয় না হয় এবং মূল কাজগুলো যেন প্রাধান্য দেওয়া হয়। বিশেষত নির্বাচনি অঙ্গীকার এবং ইশতেহার সেগুলো পালনে সচেষ্ট হতে হবে; ভূমিকা রাখতে হবে।"

তিনি বলেন, “কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রিপরিষদ সদস্যদের ব্যবহার করে কেউ যেন দুর্নীতির করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।"

দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রীর স্পষ্ট অবস্থান নিয়েছেন মন্তব্য করে সাকি বলেন, "বর্তামান সরকার তাদের স্বচ্ছ অবস্থানটা রাখতে চান; সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন। কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রিপরিষদের সদস্যদের কেউ যেন ব্যবহার করে কোনোভাবেই দুর্নীতির কোনো জায়গাতে যেতে না পারে, সেইটা খুবই কঠোরতার সঙ্গে তিনি জানিয়েছেন।”