২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় পুলিশ কর্মকর্তাদের বাজার তদারকে নির্দেশনা

পণ্যবাহী যান থেকে সব ধরনের চাঁদাবাজি প্রতিরোধে জেলা ও হাইওয়ে পুলিশকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2023, 11:50 PM

Updated : 14 Mar 2023, 11:50 PM

রোজার মাসে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিয়মিত বাজার তদারক করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সংক্রান্ত ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যের অপর্যাপ্ততার মতো বিষয়ে গুজব ছড়িয়ে কেউ যেন কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

পণ্যবাহী যান থেকে সব ধরনের চাঁদাবাজি প্রতিরোধে জেলা ও হাইওয়ে পুলিশকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়ে সভায় অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম বলেন, “মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

সাম্প্রদায়িক ইস্যুকে কাজে লাগিয়ে কোনো গোষ্ঠী যাতে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি তৎপরতা বাড়াতে সভায় নির্দেশ দেওয়া হয়।

সভায় জানুয়ারি মাসের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। তাতে দেখা গেছে, আগের মাসের তুলনায় ডাকাতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলা হ্রাস পেয়েছে।

পুলিশ সদর দপ্তর প্রান্তে অন্যান্যের মধ্যে ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।