২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় অধ্যাপক হলেন এম কিউ কে তালুকদার

পাঁচ বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 08:46 PM

Updated : 08 Sep 2022, 08:46 PM

বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. এম কিউ কে তালুকদারকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পাঁচ বছরের জন্য নিয়োগের কথা জানানো হয়।

সেন্ট্রাল ফর উইমেন অ্যান্ড হেলথের চেয়ারম্যান অধ্যাপক এম কিউ কে তালুকদারকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগের শর্তে বলা হয়, কোনো গবেষণা সংস্থা বা শিক্ষায়তনের সাথে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দমত ক্ষেত্রে গবেষণামূলক কাজ করবেন। তিনি জাতীয় অধ্যাপক পদে কর্মরত থাকাকালীন অন্য কোনো বেতনভুক্ত চাকরি করতে পারবেন না।

অধ্যাপক তালুকদার সত্তরের দশকে যুক্তরাজ্যে ক্লিনিকাল পেডিয়াট্রিক্সে প্রশিক্ষণ লাভ করে দেশে ফিরে বিএসএমএমইউ’তে শিশুরোগ বিভাগে যোগ দেন। নব্বইয়ের দশকের শুরুতে তিনি ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথের প্রতিষ্ঠাতা পরিচালকও ছিলেন।

অধ্যাপক তালুকদার ১৯৯৭ সালে পুষ্টির জন্য প্রথম জাতীয় কর্ম পরিকল্পনা প্রস্তুত করার জন্য সমন্বয়কারী হিসাবে কাজ করেছেন। তিনি জাতীয় স্বাস্থ্য নীতির সদস্য হিসেবেও কাজ করেছেন এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি কাউন্সিলের স্থায়ী কারিগরি কমিটির চেয়ারম্যান ছিলেন।

২০০১ সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর অধ্যাপক তালুকদার আশুলিয়ায় সেন্টার ফর ওমেন অ্যান্ড চাইল্ড হেলথে (সিডব্লিউসিএইচ) চেয়ারম্যানের দায়িত্ব নেন, যে স্বাস্থ্য কেন্দ্র গার্মেন্ট শ্রমিক এবং তাদের সন্তানদের নিয়ে কাজ করে থাকে।