রাজধানীতে রাস্তা খুঁড়তে গিয়ে গ্যাসের আগুনে দগ্ধ ৫ শ্রমিক
মাটি খননের সময় শ্রমিকদের একজন দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতেই আগুন ধরে যায়।
রাজধানীর মানিকদীর নামাপাড়া এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ির সময় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে শ্রমিকদের কাজের তদারকির দায়িত্বে থাকা সুপারভাইজার আনিসুর রহমান জানান।
দগ্ধরা হলেন- সিয়াম (২৪), মেহেদী(২২), আব্দুল মমিন (২৩), দেলোয়ার (২৫), ও জুয়েল (২৪)।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, দগ্ধের মধ্যে জুয়েলের শরীরের ৮ শতাংশ, মেহেদীর ৫ শতাংশ ও সিয়ামের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রাখা হয়েছে। মমিন ও দেলোয়ারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঠিকাদার প্রতিষ্ঠানের সুপারভাইজার আনিসুর রহমান বলেন, “ওয়াসার নতুন লাইন লাগানোর জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সাব-ঠিকাদারের অধীনে মাটি খননের কাজ করা হচ্ছিল। তিন ফুট খননের পর শ্রমিকরা গ্যাসের গন্ধ পায়।
“গ্যাস কিনা সেটি নিশ্চিত হতে শ্রমিকদের একজন দিয়াশলাইয়ের কাঠি ধরাতেই আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন।”
