২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি গঠনে নাম প্রস্তাব: বদিউল আলমের আবেদনে হাই কোর্টের রুল

সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে কে কার নাম প্রস্তাব করেছে, তা জানতে আবেদনটি করা হয়।

ইসি গঠনে নাম প্রস্তাব: বদিউল আলমের আবেদনে হাই কোর্টের রুল

সুাপ্রিম কোর্ট ভবন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 07:52 PM

Updated : 23 Aug 2022, 07:52 PM

সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে কে কার নাম প্রস্তাব করেছেন, সেসব তথ্য না দেওয়ার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাই কোর্ট বেঞ্চ এ রুল দেয়।

তথ্য কমিশনের চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শরীফ ভূঁইয়া, আইনজীবী তানিম হোসেইন ও সাইফুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনে কমিশনার নিয়োগে সার্চ কমিটি নামের প্রস্তাব তৈরি করে, তা থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। সার্চ কমিটি আবার বিভিন্ন দল ও ব্যক্তির কাছ থেকে নামের প্রস্তাব চেয়ে থাকেন।

কোন রাজনৈতিক দল কার নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করেছিল, তার বিস্তারিত তথ্য চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি।

এর আগে তারা সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ব্যক্তিদের পূর্ণ তথ্য এবং কে কার নাম প্রস্তাব করেছে, সেসব তথ্য চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অধিকার অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে গত ১৬ ফেব্রুয়ারি আবেদন করেছিলেন।

পরে গত ১ মার্চ এ বিষয়ে কোনো তথ্য সরবরাহ করার এখতিয়ার মন্ত্রিপরিষদ বিভাগের নেই জানিয়ে অপারগতা প্রকাশ করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

এর বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগের আপিল কর্তৃপক্ষের কাছে গত ২৩ জুন আপিল করেন বদিউল আলম। নির্ধারিত সময়ে এর জবাব না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ করেন তিনি। কিন্তু গত ৭ জুন এ অভিযোগ খারিজ করে দেয় কমিশন। এরপরই আদালতে যান তারা।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়।

এরপর ১৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে বিভিন্ন উৎস থেকে সার্চ কমিটিতে আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশও করা হয়।

পরে ২৬ ফেব্রুয়ারি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

চার নির্বাচন কমিশনার হলেন- অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। পরের দিন ২৭ ফেব্রুয়ারি তারা শপথ নেন।