স্বামীর ছুরিতে নারী খুন: স্বজনরা আসেননি, মামলার বাদী পুলিশ
মৃত্যুর আগে লতিফা তার প্রতিবন্ধী সন্তানকে দেখে রাখতে অনুরোধ করে গেছেন।
রাজধানীর দিয়াবাড়িতে স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
মামলায় নিহতের স্বামীকে একমাত্র আসামি করা হয়েছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত মঙ্গলবার রাতে দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় লতিফা আক্তার নামের ২৮ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। রাত পৌনে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর আগে লতিফা পুলিশকে বলে যান, দিয়াবাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে তার স্বামী রবিউল ইসলাম তাকে ‘ছুরিকাঘাত পরে পালিয়ে গেছেন’। মাদকাসক্ত রবিউলের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মির্জা সালাউদ্দীন বলেন “মৃত্যুর আগে ওই নারী বেশ কিছু কথা বলে গেছেন। যার ভিডিও রেকর্ড আছে। সেখানে স্পষ্ট যে তার স্বামী তাকে ছুরিকাঘাত করেছেন। তবে ওই নারীর কাছে এনআইডি কার্ড, মোবাইল ফোন কিছুই ছিল না।
“পরে পুলিশ তার বিস্তারিত পরিচয় সংগ্রহ করে। মামলা করার জন্য ওই নারীর তেমন কোনো স্বজনকেও পাওয়া যাচ্ছিল না। তার বাবা-মা সম্ভবত মারা গেছেন। তার একমাত্র ভাই থাকেন অস্ট্রেলিয়ায়। রবিউলকে ধরতে পুলিশ কাজ করছে।”
দিয়াবাড়ির ওই ঘটনায় তুরাগ থানায় মামলাটি দায়ের করেছেন এসআই ইব্রাহিম মোল্লা। তিনি জানান, লতিফার কোনো স্বজনের খোঁজ না পাওয়ায় তিনি বাদী হয়ে মামলা করছেন।
“কোনো কারণে ওই নারী স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন। মৃত্যুর পরও স্বজনেরা তেমন আসেননি। স্বামী রবিউলের সঙ্গে তিনি বাসাবো এলাকায় ভাড়া থাকতেন। তার আগের স্বামীর ঘরের একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে ওই বাসায়। মৃত্যুর আগে তিনি তার প্রতিবন্ধী সন্তানকে দেখে রাখতে অনুরোধ করে গেছেন।”
