ডেঙ্গু মোকাবেলায় তিন স্তরে কাজ করবে ডিএনসিসি: মেয়র আতিক
ঢাকার পাঁচ স্কুলে 'মশার কামড় ক্ষতিকর' শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করেন তিনি।
ডেঙ্গু মোকাবেলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি তিন স্তরে কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, “প্রথম স্তরে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স কমিটি কাজ করবে। এই কমিটি নিজ নিজ এলাকায় ঘুরে এইডিসের লার্ভার উৎসস্থল চিহ্নিত করবে, লার্ভা ধ্বংসে ব্যবস্থা নিবে, কোন কোন বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই তালিকা করবে এবং কমান্ড সেন্টারের সার্ভারে মশক নিধন কার্যক্রমের ডাটা এন্ট্রি দিবে।
“দ্বিতীয় স্তরে রয়েছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন টিম। টাস্কফোর্স কমিটির দেওয়া তথ্যের ভিত্তিতে এই টিম সেখানে গিয়ে আইনানুগ ব্যবস্থা নিবে। আর তৃতীয় স্তরে রয়েছে মেয়রের নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে মনিটরিং টিম।”
বুধবার দুপুরে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মাঝে 'মশার কামড় ক্ষতিকর' শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই বিতরণকালে ডিএনসিসি মেয়র এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সকাল সাড়ে ১১টায় ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (বালিকা শাখা) থেকে মেয়র শিক্ষার্থীদের মাঝে বিতরণ শুরু করেন। পরে তিনি আরও ৪টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বইটি বিতরণ করেন। স্কুলগুলো হল- লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া প্রাইমারি স্কুল, লালমাটিয়া সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ, শ্যামলীর জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়।
পাঁচটি স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বইটি বিতরণ করা হয়। শিক্ষার্থীরা বইটি পাওয়ার পরে অঙ্কন করে। অঙ্কনে ভাল করায় প্রতি ক্লাসের পাঁচ শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন ডিএনসিসি মেয়র।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম বলেন, “বইটিতে চিত্রাঙ্কন করার মাধ্যমে শিশুরা মশার কামড় থেকে বাঁচতে করণীয় সম্পর্কে শিখতে পারে৷ শিশুরা যদি মশার বিষয়ে জানতে পারে এবং কামড় থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তবে অনেকাংশেই আমরা মশাবাহিত রোগ রুখতে পারব।”
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, “মশা নিয়ে ল্যাবে গবেষণার জন্য ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি হয়েছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন কীটনাশকের কার্যকারিতা ও মশার ঘনত্ব, মশার প্রজাতি এই ল্যাবে পরীক্ষা করা হবে।”
ডিএনসিসি মেয়র প্রতিটি স্কুলে উপস্থিত অভিভাবকদের মাঝে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
বুধবার ডিএনসিসির চলমান মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের ১৭তম দিনে এইডিসের লার্ভা পাওয়ায় ১১টি মামলায় মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
