২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সচিব কবি আফতাব আহমেদের জীবনাবসান

সাহিত্যিক গুলতেকিন খানের স্বামী আফতাবের বয়স হয়েছিল ৬২ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 01:12 AM

Updated : 04 Jul 2023, 01:12 AM

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব, কবি আফতাব আহমেদ আর নেই।

সোমবার রাত ৯টার দিকে ঢাকার বনানীর ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

হাসপাতালটির ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ রেজাউল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে আফতাব আহমেদের আত্মীয়-স্বজন মরদেহ নিয়ে গেছেন।

সাংবাদিক ইশতিয়াক রেজা ফেইসবুকে লিখেছেন, “লেখক, কবি, সাবেক অতিরিক্ত সচিব, আমার স্ত্রীর কাজিন আফতাব আহমেদ আর নাই। কিছুক্ষণ আগে বনানীর ইয়র্ক হাসপাতালে মারা গেছেন। প্রজ্ঞাবান মানুষ ছিলেন আফতাব ভাই।”

আফতাব আহমেদের মৃত্যুর কারণ তিনি উল্লেখ করেননি।

আফতাব আহমেদের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ছিলেন সাহিত্যিক গুলতেকিন খানের স্বামী।

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সঙ্গে হুমায়ূনের বিচ্ছেদ হয়েছিল ২০০৩ সালে।

হুমায়ূনের মৃত্যুর পর ২০১৯ সালের অক্টোবরে আফতাব আহমেদকে বিয়ে করেন গুলতেকিন। তারও সাত বছর আগে লেখালেখির সূত্রেই দুজনের পরিচয় হয়েছিল। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার প্রায় ১০ বছর পর গুলতেকিনকে বিয়ে করেন আফতাব।

চলচ্চিত্র অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে আফতাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।
১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) নীরিক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি।

আফতাব আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিসিএস ১৯৮৪ ফোরামের সভাপতি মো. সোহরাব হোসাইন ও সাধারণ সম্পাদক এম খালিদ মাহমুদ।