আইইডিসিআর পরিচালককে মারধর: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দেবে কমিটি।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরকে কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে আহ্বায়ক করে তিন সদস্যের ওই কমিটি করা হয়েছে বলে বুধবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে।
কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন উপসচিব (প্রশাসন-১ শাখা) ইমতিয়াজ হোসেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হানকে সদস্য করা হয়েছে।
প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর এবং এর আওতাধীন প্রতিষ্ঠানের যেকোনো কর্মকর্তাকে কমিটিতে নেওয়া যাবে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এ কমিটিকে।
আইইডিসিআর কার্যালয়ে ঢুকেব পরিচালক কাজী আহমেদ জাকিরকে বুধবার মারধর করা হয়। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক চিকিৎসক জাহিদ হাসানের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনটি।
