কমলাপুরে ট্রেনে কিশোরী ধর্ষণ: ২ জনের জবানবন্দী
পরে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
বাড়ি থেকে রাগ করে চলে আসা ১৭ বছর বয়সের এক কিশোরীকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একজন বিচারিক হাকিম।
রোববার গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলা হলে দুই আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে বিচারক কাজী আশরাফ তার খাস কামরায় আসামি সুমন (২১) ও নাইম (২৫) এর জবানবন্দি নেন।
এরপর সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক বলে জানান আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ কর্মকর্তা মতিউর রহমান।
শনিবার গভীর রাতে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ট্রেনের বগিতে ওই কিশোরীকে ধর্ষণের সময় কমলাপুর রেলওয়ে থানা পুলিশের টহল দল ওই পাঁচজনকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করে।
গ্রেপ্তাররা হলেন- নাজমুল (২৫), আনোয়ার (২০), সুমন (২১), নাইম (২৫) ও রোমান প্রকাশ কালু (২২)।
তাদের মধ্যে দুইজন রেলওয়ের আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী এবং বাকিরা ভবঘুরে।
কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহম্মেদ বিশ্বাস শনিবার জানিয়েছিলেন, “মায়ের সাথে রাগারাগি করে সে নেত্রকোণার বাড়ি থেকে বের হয়ে রাতে রেলওয়ে স্টেশনে আসে বলে ওই কিশোরীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে।”
