২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে ট্রেনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

রাতে টহল দেওয়ার সময় ঘটনাটি দেখতে পাওয়ার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 06:02 PM

Updated : 08 Oct 2022, 06:06 PM

বাড়ি থেকে রাগ করে চলে আসা ১৭ বছর বয়সের এক কিশোরীকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ।

শনিবার গভীর রাতের স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ট্রেনে এ ঘটনার সময় কমলাপুর রেলওয়ে থানা পুলিশ ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাজমুল (২৫), আনোয়ার (২০), সুমন (২১), নাইম (২৫) ও রোমান প্রকাশ কালু (২২)।

তাদের মধ্যে দুইজন রেলওয়ের আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী এবং বাকিরা ভবঘুরে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহম্মেদ বিশ্বাস। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ১২টা থেকে একটার মধ্যে প্লাটফরমে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে এই তরুণীকে ধর্ষণ করা হয়।” 

নিয়মিত টহল দেওয়ার সময় বিষয়টি দেখতে পেয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করে বলে ওসি জানান। 

রেলওয়ে পুলিশ কর্মকর্তা ফেরদৌস বলেন, “মায়ের সাথে রাগারাগি করে সে নেত্রকোণার বাড়ি থেকে বের হয়ে রাতে রেলওয়ে স্টেশনে আসে বলে ওই কিশোরীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে।পরিবারের সাথে তার কী সমস্যা সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে।” 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওই কিশোরী লেখাপড়া জানে।” 

এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি ফেরদৌস।