অবরোধের তৃতীয় দিন ঢাকায় দুই বাসে আগুন
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে কাকরাইলে সংঘর্ষের পর থেকেই ভাঙচুর ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
বিএনপি ও জামায়াতের অবরোধের শেষ দিন রাজধানীর উত্তরা ও মোহাম্মদপুর দুটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা 'মৌমিতা' পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। সেখানে কেউ হতাহত হননি।
মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা বলেন, “রাতে বাসটি ওখানে রেখে দুজন কর্মী ভেতরে ঘুমিয়েছিলেন। আগুন লাগার পর টের পেয়ে তারা বেরিয়ে যান। কেউ আহত হননি। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।”
সকাল ৭টার দিকে আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটব্রিজের নিচে পুড়িয়ে দেওয়া হয় পরিস্থান পরিবহনের একটি বাস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। সেখনেও কেউ হতাহত হননি।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার তৌহিদুল ইসলাম বলেন, “গাড়িটি ঢাকার দিকে আসছিল। আগুনে পেছনের কিছু সিট পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে কেউ বাসে উঠে আগুন দিয়েছে।”
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে কাকরাইলে সংঘর্ষের পর থেকেই ভাঙচুর ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সমাবেশের পরদিন বিএনপি-জামায়াতের ডাকা হরতালেও এমন সহিংসতায় প্রাণহানি হয়।
ফায়ার সার্ভিস তথ্য অনুযায়ী অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ২১টি ঘটনা ঘটেছে।
এর মধ্যে ঢাকায় পাঁচটি, ঢাকা বিভাগের গাজীপুর, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জে সাতটি, চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড, কর্ণফুলি, রাঙ্গুনিয়া চারটি, রাজশাহী বিভাগের বগুড়া, রায়গঞ্জে চারটি, রংপুর বিভাগের পার্বতীপুর একটি ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় ১০টি বাস, তিনটি কভার্ড ভ্যান, তিনটি ট্রাক, একটি পিকআপ, একটি মোটরসাইকেল, দুটি বাণিজ্যিক পণ্যের শো রুম এবং একটি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়।
