১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার সময় বাড়ছে এক মাস

আগামীতে প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যেই সম্পদের হিসাব দিতে হবে বলে জানান জনপ্রশাসন সচিব।

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার সময় বাড়ছে এক মাস
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানোর ঘোষণা দেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2024, 04:30 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

সম্পদের হিসাব জমা দিতে সরকারি কর্মচারীদের জন্য সময় এক মাস বাড়ানো হয়েছে। 

রোববার সচিবালয়ে জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পদ বিবরণী জমা দিতে পারবেন সরকারি কর্মচারীরা। 

দুর্নীতি প্রতিরোধ ও আয়ব্যয়ের স্বচ্ছতা আনতে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে একটি ছক প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় সময় বেঁধে দিয়েছিল ৩০ নভেম্বর পর্যন্ত। 

নির্ধারিত সময়ে হিসাব বিবরণী জমা না দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন সচিব।

সম্প্রতি এনবিআর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানোর প্রেক্ষিতে কর্মচারীদের হিসাবে বিবরণী নিয়েও সিদ্ধান্তে পরিবর্তন আসল।

“সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে। আমরা এ বিষয়ে সার্কুলার ইস্যু করব। এনবিআরের রিটার্ন দাখিলের সঙ্গে এর একটা সম্পর্ক আছে। সেজন্য আমরাও এক মাস পিছিয়েছি।” বলেন সচিব।

সচিব মোখলেস বলেন, “গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। কীভাবে এটা জমা দিতে হবে তা অনেকেই বুঝতে পারছেন না। সময় বাড়ানোর সেটাও একটা কারণ।” 

তবে আগামীতে প্রতিবছরই ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে বলে জানান তিনি। 

সরকারি কর্মচারীদের ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ