১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রশ্ন ফাঁস: ৫ দিনের রিমান্ডে পিএসসির দুই কর্মচারী

মামলার পর এখন পর্যন্ত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2024, 04:37 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিস সহকারী মো. আব্দুল আজিম ও পরিচ্ছন্নতাকর্মী রুপন চন্দ্র দাসকে ৫ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

শুনানি শেষে মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।

পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রুকনুজ্জামান বলেন, এদিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

“শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।” 

গত ১৭ ডিসেম্বর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে থেকে এই দুজনকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, বিপিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা জব্দ করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা পরদিন তাদেরকে আদালতেকে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন। 

ওইদিন আদালত দুজনকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন ঠিক করেছিল।

প্রশ্ন ফাঁসের ঘটনায় গত ৮ জুলাই রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার পর এখন পর্যন্ত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা গত ৫ জুলাই বাংলাদেশ রেলওয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন ক্যাডার) পদে নিয়োগ পরীক্ষার হুবহু প্রশ্ন ফাঁস করে অর্থের বিনিময়ে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিক্রি করেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে বিভিন্ন সময়ে বিসিএসসহ পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন ফাঁসপিএসসির ২ কর্মী কারাগারেরিমান্ড শুনানি ২৪ ডিসেম্বর