মানিকগঞ্জ বার থেকে আইনজীবীকে বহিষ্কারের নোটিস হাই কোর্টে স্থগিত
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নোটিস কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।
মানিকগঞ্জে ‘বিচার বিভাগীয় ঘুষ-দুর্নীতি নির্মূলের’ আন্দোলনে নামায় এক আইনজীবীকে সাময়িক বহিষ্কার করে জেলা আইনজীবী সমিতির দেওয়া নোটিসের কার্যকারিতা স্থগিত করে দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
ওই নোটিস কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত।
চার সপ্তাহের মধ্যে আইন সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বার কাউন্সিলের চেয়ারম্যান ও সচিব, মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ, দুদকের ইন্টিগ্রেটেড জেলা অফিস, ঢাকা-২ এর ডেপুটি ডিরেক্টর, মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে মানিকগঞ্জ জেলা ও দায়রা আদালতে সংগঠিত ‘দুর্নীতি ও অন্যান্য বিতর্কিত বিষয়’ এবং মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির গৃহীত ‘অবৈধ পদক্ষেপের’ বিষয়ে একটি ‘স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত’ করতে আইন সচিব এবং দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালককে কেন নির্দেশনা দেয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত।
পাশাপাশি জেলা জজের চিঠির বিষয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত করে তিন মাসের মধ্যে এই প্রতিবেদন জমা দিতে হবে আদালতে।
আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
মানিকগঞ্জের প্রতিবাদকারী সেই আইনজীবী মাহবুবুল ইসলাম ‘ঘুষ, দুর্নীতি আর ন্যায়বিচার এক সাথে চলে না’ স্লোগান সম্বলিত একটি লিফলেট বিতরণ করেন এবং পরে সহযোগীদের নিয়ে গত ১০ অক্টোবর আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেন।
তার বিরুদ্ধে সমিতির অভিযোগ, সমিতির সামনে মানববন্ধন করে মানিকগঞ্জ বার ও বেঞ্চের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছেন মাহবুবুল।
মাহবুবুলের পক্ষে রিট আবেদনকারী আইনজীবী আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবাদের পরিপ্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গত ১০ অক্টোবর ঘুষ দুর্নীতির বিষয়ে পদক্ষেপও গ্রহণ করেন। কিন্তু পরে জেলা জজ এই বিষয়ে আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনজীবী সমিতিকে ১৬ অক্টোবর চিঠি দেন। তার প্রেক্ষিতে আইনজীবী সমিতি তাকে বহিষ্কার করে।”
সমিতির নোটিসে গত ১৬ অক্টোবর কার্যকরী পরিষদের সিদ্ধান্তের কথা তুলে ধরে বলা হয়, “আপনি আইনজীবী সমিতিকে অবগত না করে বিনা অনুমতিতে এবং সিনিয়র সদস্যদের সাথে আলাপ আলোচনা না করে বিচার বিভাগীয় ঘুষ দুর্নীতি নির্মূল কমিটির স্বঘোষিত আহ্বায়ক দাবি করে ‘ঘুষ, দুর্নীতি আর ন্যায় বিচার এক সাথে চলে না’ স্লোগান সম্বলিত একটি লিফলেট বিতরণ করেন।
“একই সঙ্গে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজের একটি চিঠির কথা উল্লেখ করে আইনজীবী মাহাবুবুল ইসলাম বিচারকদের গালিগালাজ করেছেন বলেও ওই নোটিসে অভিযোগ করা হয়।”
রিট আবেদন করার পর আইনজীবী আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “কোনো ব্যক্তিকে নোটিস না দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ন্যায়বিচারের স্বাভাবিক রীতি বিরুদ্ধ। তাছাড়া আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথাযথ ফোরাম বার কাউন্সিল।”
