‘ঘুষের প্রতিবাদের পর বহিষ্কার’: এক আইনজীবীর পক্ষে রিট আবেদন
মানিকগঞ্জের ওই আইনজীবী ‘বিচার বিভাগীয় ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে’ দাঁড়িয়ে সাময়িক বহিষ্কারের মুখে পড়ায় জনস্বার্থে এ রিট আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।
মানিকগঞ্জে ‘বিচার বিভাগীয় ঘুষ-দুর্নীতি নির্মূলের’ আন্দোলনে নেমে জেলা আইনজীবী সমিতি থেকে সাময়িক বহিষ্কার হওয়া এক আইনজীবীর পক্ষে সমিতির সিদ্ধান্ত স্থগিত চেয়ে রিট আবেদন হয়েছে হাই কোর্টে।
হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়েরের পর সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চে শুনানির জন্য তা জমা দেওয়া হয়।
মানিকগঞ্জের ওই আইনজীবীর পক্ষে রিট আবেদনকারী আইনজীবী আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার শুনানির জন্য মামলাটি কার্যতালিকায় আসবে বলে তিনি আশা প্রকাশ করছেন।
রিট আবেদনে একই সঙ্গে মানিকগঞ্জ আদালতের দুর্নীতিসহ অন্যান্য বিতর্কিত বিষয়গুলো তদন্তেও নির্দেশনা চাওয়া হয়।
আইন সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বার কাউন্সিলের চেয়ারম্যান ও সচিব, মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ, দুদকের ইন্টিগ্রেটেড জেলা অফিস, ঢাকা-২ এর ডেপুটি ডিরেক্টর, মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে এ রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
মানিকগঞ্জের প্রতিবাদকারী সেই আইনজীবী মাহবুবুল ইসলাম ‘ঘুষ, দুর্নীতি আর ন্যায় বিচার এক সাথে চলে না’ স্লোগান সম্বলিত একটি লিফলেট বিতরণ করেন এবং পরে সহযোগীদের নিয়ে গত ১০ অক্টোবর আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেন।
এসবের প্রেক্ষিতে গত ১৮ অক্টোবর মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি এক নোটিসে সমিতির সদস্য মাহাবুবুলকে ১৫ কার্যদিবস পর্যন্ত আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি কারণ দর্শনোর নোটিস দেয় বলে সোমবার রিট আবেদনে উল্লেখ করা হয়।
সমিতির সাময়িক বহিষ্কার ও নোটিসের প্রতিবাদে এরপর ওই আইনজীবী গলায় ‘ঘুষের চেয়ে ভিক্ষা উত্তম। করলাম প্রতিবাদ, হইলাম বহিষ্কার। আমাকে ভিক্ষা দিন। ’ শীর্ষক প্ল্যাকার্ড হাতে মানিকগঞ্জ আদালত চত্বরের সামনে শহীদ রফিক সড়কে আবার প্রতিবাদ করেন।
তার বিরুদ্ধে সমিতির অভিযোগ, সমিতির সামনে মানববন্ধন করে মানিকগঞ্জ বার ও বেঞ্চের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছেন মাহবুবুল।
নোটিসে গত ১৬ অক্টোবর সমিতির কার্যকরি পরিষদের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলা হয়, আপনি আইনজীবী সমিতিকে অবগত না করে বিনা অনুমতিতে এবং সিনিয়র সদস্যদের সাথে আলাপ আলোচনা না করে বিচার বিভাগীয় ঘুষ দুর্নীতি নির্মূল কমিটির স্বঘোষিত আহ্বায়ক দাবি করে ‘ঘুষ, দুর্নীতি আর ন্যায় বিচার এক সাথে চলে না’ স্লোগান সম্বলিত একটি লিফলেট বিতরণ করেন।
একই সঙ্গে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজের একটি চিঠির কথা উল্লেখ করে আইনজীবী মাহাবুবুল ইসলাম বিচারকদের গালিগালাজ করেছেন বলেও ওই নোটিসে অভিযোগ করা হয়।
এরপর মাহবুবুলের পক্ষে সোমবার সমিতির ওই নোটিসের কার্যকারিতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, মর্মে রুল জারির আবেদন জানানো হয় রিটে।
রুল বিচারাধীন থাকা অবস্থায় ওই নোটিসের কার্যকারিতায় স্থগিতাদেশ চাওয়া হয়। পাশাপাশি নোটিসের বিষয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের প্রতি নির্দেশনা চাওয়া হয়।
রিট আবেদনকারী আইনজীবী আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো ব্যক্তিকে নোটিস না দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ন্যায় বিচারের স্বাভাবিক রীতি বিরুদ্ধ। তাছাড়া আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথাযথ ফোরাম বার কাউন্সিল।
“বিচার বিভাগীয় ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে একজন আইনজীবী সাময়িক বহিষ্কারের মুখে পড়ায় জনস্বার্থে আমি এই রিট দায়ের করেছি।”
