ঢাকা-চট্টগ্রাম ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু
লাইনটির মাধ্যমে বাঁশখালীতে নির্মিত এসএস পাওয়ার প্ল্যান্ট ও মাতারবাড়ীতে নির্মিণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন করা হবে।
শক্তিশালী ৪০০ কেভির ২৭৬ কিলোমিটার নতুন সঞ্চালন লাইনে যুক্ত হয়েছে ঢাকা ও চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা।
মঙ্গলবার বিকাল ৫টা ১৬ মিনিটে মেঘনাঘাট প্রান্ত থেকে ৪০০ কেভির লাইনটি চালু করা হয় বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির পক্ষ থেকে জানান হয়।
এতদিন ২৩০ কেভি সঞ্চালন লাইনে ঢাকা-চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা যুক্ত ছিল।
পিজিসিবির মুখপাত্র বদরুদ্দোজা সুমন জানান, চট্টগ্রামের বাঁশখালী থেকে মদুনাঘাট হয়ে নারায়ণগঞ্জের মেঘনাঘাট পর্যন্ত ২৭৬ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়েছে।
“লাইনটির মাধ্যমে বাঁশখালীতে নির্মিত এসএস পাওয়ার প্ল্যান্ট ও মাতারবাড়ীতে নির্মিণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন করা হবে। চট্টগ্রাম শহরের উপকণ্ঠে মদুনাঘাট হয়ে মেঘনাঘাটে নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে এটি যুক্ত হয়েছে।”
এর আগে গত ২৩ জুলাই মেঘনাঘাট থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন পূর্ণ সক্ষমতায় চালু করা হয়েছিল।
বদরুদ্দোজা সুমন আরও বলেন, “উভয় লাইন মিলে ঢাকা-চট্টগ্রাম ৪০০ কেভি লাইনের মাধ্যমে যুক্ত হওয়ায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো আগের তুলনায় শক্তিশালী হয়েছে। দীর্ঘতম এই ৪০০ কেভি লাইন ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ব্যাকবোন লাইন হিসেবে কাজ করবে।”
