২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা

পদযাত্রা ওই এলাকা পার হওয়ার সময় বাঙলা কলেজের ভেতর থেকে ঢিল ছোড়া হলে সংঘর্ষের সূত্রপাত হয়, তাতে কয়েকজন আহত হন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 01:00 PM

Updated : 18 Jul 2023, 01:02 PM

ঢাকার মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে গাবতলী থেকে শুরু হওয়া এ পদযাত্রা মিরপুর হয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে যাওয়ার সময় বাঙলা কলেজ এলাকায় পৌঁছালে পেছনের অংশে বিশৃঙ্খলা বেঁধে যায়।

পদযাত্রার সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিবেদক সুমন মাহমুদ জানান, পদযাত্রা ওই এলাকা পার হওয়ার সময় বাঙলা কলেজের ভেতর থেকে ঢিল ছোড়া হলে সংঘর্ষের সূত্রপাত হয়। তাতে কয়েকজন আহত হন।

পদযাত্রায় থাকা শ্রমিক দলের কর্মী আবিদ আলী বলেন, “আমরা স্লোগান তুলে যাচ্ছি, সেই সময়ে কলেজের ভেতরে ঘাপটি মারা কিছু সরকারি দলের পাণ্ডা ইটপাটকেল মারে। আমরা ধাওয়া করার পর তারা পালিয়ে গেছে।”

বিএনপির নেতা–কর্মীরা এ সময় কলেজের গেইট ভাঙচুর করে। রাস্তায় থাকা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এ সময়। 

অল্প সময়ের এই মারামারির মধ্যেই পদযাত্রার সামনের অংশ এগিয়ে যায়। নেতা-কর্মীদের লাঠিতে জাতীয় পতাকা ঝুলিয়ে মিছিল করে যেতে দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার মো. জসিম উদ্দীন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজ খোলা ছিল আর মিছিল যাওয়ার সময় ঢিল ছোড়ার ঘটনা থেকে একটু উত্তেজনার সৃষ্টি হয়। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।”