২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সংলাপের চিঠি নিয়ে মাথাব্যথা নেই ইসির

ইসি সচিব বলছেন, ওই চিঠির বিষয়ে কমিশন অবগত নয়, তফসিলে এর কোনো প্রভাবও পড়বে না

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2023, 04:01 PM

Updated : 14 Nov 2023, 04:01 PM

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লুর চিঠি নিয়ে নির্বাচন কমিশন ‘ভাবছে না’ বলে জানিয়েছেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেছেন, “সংলাপের চিঠির বিষয়ে কমিশন অবহিত নয়। কমিশনের কাছে কিছুই আসেনি। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ হয়েছিল, সেভাবে অগ্রসর হচ্ছে।”

একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলের নিঃশর্ত সংলাপ চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে এ বিষয়ে চিঠি দিয়েছেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে দেওয়া হয়েছে এ বিষয়ে দূতিয়ালির দায়িত্ব। 

বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো এই মুহূর্তে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। অন্যদিকে সরকারের অবস্থান হল, উচ্চ আদালতের রায়ে বাতিল হওয়া ওই ব্যবস্থা ফেরানোর সুযোগ নেই।

দুই পক্ষের অনড় অবস্থানে দেশ আবার এক দশক আগের মত টানা অবরোধের বৃত্তে ঢুকে পড়েছে, জনমনে বাড়ছে শঙ্কা। 

মঙ্গলবার নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, ডনাল্ড লুর চিঠির বিষয়ে ইসি জানে কি না। তফসিলে এর কোনো প্রভাব পড়বে কিনা।

জবাবে কমিশনের মুখপাত্র জাহাংগীর আলম বলেন, “অবশ্যই না। কোনো প্রভাব পড়বে না।”

নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে এক প্রশ্নে ইসি সচিব বলেন, “সে ধরনের কোনো থ্রেট নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারীর সঙ্গে যে সভা করা হয়েছে, তাতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সব কিছু দেখবে।”

নির্বাচনের তফসিল কখন ঘোষণা করা হবে, বুধবার সকালে তা জানাবেন ইসি সচিব। সেজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “আইন শৃঙ্খলা রক্ষা করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারাই দেখবে। কমিশন ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানিয়েছে।”

আরও পড়ুন

পুরানো খবর:

সংলাপের প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে
সমঝোতার চেষ্টায় সাদা পতাকা হাতে দূতিয়ালিতে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের নির্বাচন: যুক্তরাষ্ট্রের কাছে ‘অবস্থান স্পষ্ট করেছে’ ভারত