১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্কুলে গিয়ে স্মৃতিকাতর উপদেষ্টা বিধান রঞ্জন

“লেখাপড়ার পাশাপাশি প্রতিভা বিকাশ উন্মুক্ত করা দরকার,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2024, 11:39 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে স্মৃতিকাতর হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। 

এ শিক্ষালয় থেকে ১৯৭৯ সালে এসএসসি পাস করার কথা জানিয়ে তিনি বলেন, “আমার শৈশবের একটি বড় সময় এ স্কুলে কেটেছে। শৈশবের স্মৃতি স্বর্গের মতো। এ স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিলাম। এখান থেকে এসএসসি পাস করেছি।

“অনেক চেঞ্জ হয়েছে। কাঠের ব্লকগুলো ঐতিহ্যবাহী। এগুলো সংরক্ষণ করা উচিত।"

মঙ্গলবার স্কুলটি পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ, ছাত্রাবাস ঘুরে দেখার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল প্রাঙ্গণে গিয়ে উপদেষ্টা আবেগাল্পুত হয়ে পড়েন। তিনি স্কুল সংলগ্ন লঞ্চঘাটও পরিদর্শন করেন।

প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করে উপদেষ্টা বিধান বলেন, “বাবর আলী স্যার ইংল্যান্ড থেকে লেখাপড়া করে এ স্কুলের দায়িত্ব নেন। সেটি ছিল গৌরবোজ্জ্বল সময়।

“সেসময় সবধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা হতো। দেয়ালিকা ও ম্যাগাজিন বের হতো। সেই দেয়ালিকার লেখা দেওয়ার মাধ্যমে লেখার প্রতি উদ্বুদ্ধ হয়েছি।"

তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি প্রতিভা বিকাশ উন্মুক্ত করা দরকার। চর্চা অব্যাহত রাখা দরকার। ঐতিহ্যবাহী স্কুল ঐতিহ্য ধরে রাখুক- এটা আশা করি।”

পরে উপদেষ্টা জুবিলী স্কুল সংলগ্ন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাখাওয়াৎ হোসেন উপস্থিত ছিলেন।