২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার ‘কমান্ড রেসপনসিবিলিটি প্রমাণিত হয়েছে’, যুক্তিতর্কে দাবি প্রধান কৌঁসুলির

তিন দিনের যুক্তিতর্কে শেখ হাসিনার বিরুদ্ধে ‘ওয়াইডস্প্রেড অ্যাটাক’ এবং ‘সিস্টেম্যাটিক অ্যাটাক’ এর অভিযোগ ‘প্রমাণিত হয়েছে’ বলে দাবি করেন তাজুল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পর্যযন্ত দেওয়া প্রসিকিউশনের যুক্তিতর্কে শেখ হাসিনার ‘কমান্ড রেসনসিবিলিটি’ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম।  

শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা এ মামলায় মঙ্গলবার তৃতীয় দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে। বুধবারও এ শুনানি চলবে। 

গত রোববার পটভূমি দিয়ে প্রসিকিউশন যুক্তিতর্ক শুরু করে। এ মামলায় আনা পাঁচ অভিযোগের মধ্যে তিন দিনে দুটির ওপর যুক্ততর্ক তুলে ধরেন প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। 

মানবতাবিরোধী অপরাধ প্রমাণের জন্য প্রসিকিউশন ‘ওয়াইডস্প্রেড অ্যাটাক’ (ব্যাপক আক্রমণ) এবং ‘সিস্টেম্যাটিক অ্যাটাক’ (পদ্ধতিগত আক্রমণ) প্রমাণ করায় জোর দিয়েছে। 

তিন দিনের যুক্তিতর্কে শেখ হাসিনার বিরুদ্ধে এ দুটি বিষয় ‘প্রমাণিত হয়েছে’ বলে ট্রাইব্যুনালে যুক্তির্ক উপস্থাপনকালে দাবি করেন তাজুল।

‘রোম স্ট্যাটিউট অব দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট’-এর ৭ অনুচ্ছেদে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে ‘ওয়াইডস্প্রেড অ্যাটাক’ এবং ‘সিস্টেম্যাটিক অ্যাটাকের’ কথা বলা আছে। এ দুই ধরনের অপরাধ শেখ হাসিনা ‘করেছেন’ বলে প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের দাবি।

যুক্তিতর্কের দ্বিতীয় দিন ‘ওয়াইডস্প্রেড অ্যাটাক’ বা ব্যাপক আক্রমণ প্রমাণ করতে প্রধান কৌঁসুলি ২০২৪ সালের জুলাইয়ের ১৬ থেকে ৫ অগাস্ট পর্যন্ত সময়ের ঘটনাগুলো তুলে ধরেন ওই সময়ের বিভিন্ন পত্রিকার প্রতিবদেন থেকে। ওই সব প্রতিবেদনে সারাদেশে সংঘটিত হামলায় জড়িত সরকারের বিভিন্ন বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগের হামলার মূল মূল অংশগুলো পড়ে শোনান তিনি। 

সিস্টেম্যাটিক অ্যাটাক বা পদ্ধতিগত আক্রমণ প্রমাণ করতে প্রধান কৌঁসুলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু, শেখ ফজলে নূর তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামলের সঙ্গে কথপোকথনের অডিও আদালতে শোনান। 

ওইসব অডিওতে প্রণঘাতী অস্ত্রের ব্যবহার, হেলিকপ্টার থেকে ছত্রীসেনা নামানো ও বোমা মারা, আন্দোলনকারীদের গ্রেপ্তার করা, বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপানো, হামলার নানা পরিকল্পনার তথ্য রয়েছে বলে প্রসিকিউশনের ভাষ্য। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পর সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়টিও ‘পরিকল্পিত’ বলে তুলে ধরেন প্রধান কৌঁসুলি।

তৃতীয় দিনের যুক্তিতর্কে ট্রাইব্যুনালে শেখ হাসিনার ২০২৪ সালের ১৪ জুলাইয়ে গণভবনে করা সেই সংবাদ সম্মেলনটিও দেখানো হয়। এ ছাড়া দেশের নানা স্থান থেকে মোবাইল ফোনে ধারণ করা নয়টি ভিডিও দেখানো হয় ট্রাইব্যুনালে। 

এসব ভিডিওর মধ্যে গুলি করে একজনকে হত্যা, আবু সাঈদ হত্যা, যাত্রবাড়ীতে একজনকে গুলি করে হত্যা, রামপুরায় কার্নিশে একজনকে গুলি করা, চানখাঁরপুলে পুলিশের সরাসরি গুলির দৃশ্য, এক নিহত তরুণের লাশ পুলিশের সাঁজোয়া যান থেকে ফেলে দেওয়ার দৃশ্য রয়েছে।

এ ধরনের ‘হাজার হাজার ভিডিও’ রয়েছে দাবি করে তাজুল ইসলাম বলেন, এর মধ্যে কয়েকটি বাছাই করে দেখানো হয়েছে।

এ পর্যায়ে পুলিশের একটি ওয়্যারলেস ম্যাসেজও শোনানো হয়, যেখানে আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশ রয়েছে। 

এরপর প্রধান কৌঁসুলি বলেন, “এসব সাক্ষ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নির্দেশ, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে পুলিশের মহাপরিদর্শক এবং সবশেষে ঢাকা মহানগর পুলিশের নির্দেশ–সবকিছু রয়েছে। এতে ধারাবাহিক নির্দেশনায় পরিকল্পিত হামলার বিষয়টি প্রমাণিত হয়। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এ মামলায় পাঁচটি অভিযোগ রয়েছে। গত ১০ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

মামলার ৫৪তম ও শেষ সাক্ষী ছিলেন তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর। গত ৬ অক্টোবর আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তার জেরা শেষ করেন।