Published : 29 Jan 2024, 05:34 PM
শিল্প কারখানার বয়লার বিস্ফোরণে মাঝেমধ্যেই হতাহতের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে বয়লার আইনের ১০টি ধারাকে মোবাইল কোর্ট আইনের তফসিলে অর্ন্তভুক্ত করেছে সরকার। এর ফলে বয়লার সংক্রান্ত অপরাধের দণ্ড এখন থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া যাবে।
এসব ধারায় অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের সাজা ও দণ্ডের বিধান রয়েছে। সম্প্রতি বয়লার আইনের ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৪৫ ধারাকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলে অন্তর্ভুন্ত করে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-২ অধিশাখা।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোনো অপরাধের বিচার করতে মোবাইল কোর্ট আইনের তফসিলে সেই আইন বা আইনের ধারাকে অন্তর্ভুক্ত করতে হয়। শিল্প কারখানায় বয়লার দুর্ঘটনার ঝুঁকি কমানো, বয়লার ব্যবহারে সচেতনতা বাড়ানো, মানসম্মত বয়লার নির্মাণ, আমদানি ও রপ্তানি, বয়লার ব্যবহার ও পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্প কারখানায় অধিকতর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বয়লার আইন করে সরকার।
মোবাইল কোর্ট আইনের তফসিলে বয়লার আইনের যেসব ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে- লাইসেন্স ছাড়া বয়লার পরিচালনা করা; উপযুক্ত স্থানে বয়লার নির্মাণ না করা, নির্ধারিত ফি না দেওয়া; নিবন্ধন ছাড়া বয়লার ব্যবহার করা; বয়লার নিবন্ধিত না হলে, বয়লার সনদের মেয়াদ উত্তীর্ণ হলে, বয়লার সনদে উল্লিখিত নির্ধারিত চাপের চেয়ে বেশি চাপে বয়লার ব্যবহার করা; প্রধান বয়লার পরিদর্শকের দেওয়া নিবন্ধন নম্বর বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কন বা সংযোজন না করা, বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কিত বা সংযোজিত নিবন্ধন নম্বর অবিকৃত অবস্থায় সংরক্ষণ না করা এবং বয়লার দুর্ঘটনার তথ্য বা সংবাদ লিখিতভাবে না দিতে পারা, বয়লার দুর্ঘটনার কারণ, প্রকৃতি বা ব্যাপ্তি সম্পর্কে কর্তৃপক্ষ লিখিতভাবে তথ্য চাইলে তা দিতে না পারলে আইনে দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়া প্রধান বয়লার পরিদর্শককে অবহিত না করে বয়লার হস্তান্তর করা; নির্ধারিত শর্ত মেনে বয়লার মেরামত না করা এবং ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে যে কোনো সময় কোনো বয়লারের নিবন্ধনপত্র, পরিচালনা লাইসেন্স, বয়লার ব্যবহারের সনদ বা অন্যান্য দলিলাদি উপস্থাপন করতে না পারলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।
বয়লার আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বয়লার আইনের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত হওয়ার পর পুনরায় একই অপরাধ করলে নির্ধারিত দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন। এ ধারাকেও মোবাইল কোর্ট আইনের তফসিলে যুক্ত করায় ভ্রাম্যমাণ আদালত এ সাজা দিতে পারবে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)